প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৭:৫৭ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪ ১৭:৫৮ পিএম
সব অর্জন সম্মানের নয়, লজ্জারও হয়! গতকাল যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ ক্রিকেট দলের একটি অর্জন হয়েছে, যা নিতান্তই অসম্মানের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবার আগে হারের সেঞ্চুরি পূর্ণ করেছে নাজমুল হোসেন শান্ত বিগ্রেড। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ নিশ্চিত করে আইসিসির সহযোগী সদস্য যুক্তরাষ্ট্র। তাতেই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের পাতায় বাংলাদেশ।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হারের আগেও বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় থাকা ওয়েস্ট ইন্ডিজের পেছনে ছিল। ১৯৩টি টি-টোয়েন্টি খেলা উইন্ডিজের হার ৯৯টি। ১৬৬ ম্যাচ খেলা শান্তদের ৯৮টি। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা দুই হারে তাদের টপকে গেল বাংলাদেশ।
লজ্জার এই রেকর্ডে তৃতীয়তে এশিয়া মহাদেশের দেশ শ্রীলঙ্কা। ৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হেরেছে লঙ্কানরা। পরের স্থানটি জিম্বাবুয়ের। ১৪৫ ম্যাচের মধ্যে ৯৫ ম্যাচে হার তাদের। যদি শতাংশের হিসাবে বলা যায়, তবে ৫৯.৫২ শতাংশেই হেরেছে বাংলাদেশ। এ লজ্জায় চতুর্থে থাকা জিম্বাবুয়ের নিচে আছে লাল-সবুজের দল। জিম্বাবুয়ে মোট ম্যাচের ৬৫.৫১ শতাংশই হেরেছে। এছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কমপক্ষে ৩ ম্যাচের সিরিজের আগে ৯ বার হেরেছে বাংলাদেশ। তবে এর কোনোটিই আইসিসির সহযোগী সদস্য কোনো দেশের বিপক্ষে ছিল না। যুক্তরাষ্ট্রের কাছে হারে সে অর্থে নতুন এক অভিজ্ঞতাও হলো।