প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৭:২২ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪ ১৭:২২ পিএম
গতিদানব উসাইন বোল্ট এবং দুই ক্রিকেট লিজেন্ড ক্রিস গেইল ও যুবরাজ সিংহের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত করা হয়েছে শহীদ আফ্রিদিকে। শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের সাবেক অধিনায়কের দায়িত্বপ্রাপ্তির খবর জানিয়েছে আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিবৃতির পর নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ২০০৭ ও ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ফাইনাল খেলার অন্যতম নায়ক। বলেছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন একটি ইভেন্ট, যা আমার হৃদয়ের খুব কাছে। উদ্বোধনী আসরে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়া এবং ২০০৯ সালে বিশ্বকাপ উঁচিয়ে ধরার মুহূর্ত এখনও স্মরণীয়।’
আফ্রিদিবলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আগের চেয়েও শক্তিশালী। এই ফরম্যাটের অংশীদার হতে পেরে রোমাঞ্চিত। এখানে আগের চেয়ে বেশি নাটকীয়তা ও প্রতিযোগিতা দেখা যাবে। আমি ৯ জুন ভারত-পাকিস্তানের ম্যাচটি দেখতে উদগ্রীব।’
আফ্রিদির দায়িত্বপ্রাপ্তি ইস্যুতে আইসিসির জেনারেল ম্যানেজার ক্লেইরি ফারলং জানিয়েছেন, ‘ আফ্রিদি ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। এর মধ্যে দুইবার অধিনায়ক এবং একবার প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও হয়েছেন। এমন তারকার অ্যাম্বাসেডর টিমে যুক্ত হওয়াটা উপযুক্ত।’