থামল লেভারকুসেনের অজেয় যাত্রা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৪ ২২:১৬ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪ ২২:২২ পিএম
ট্রফি হাতে আতালান্তার কোচ পিয়েরো গাসপেরিনি
২৫ বছর পর ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ইতালির কোনো ক্লাব। আতালান্তা কোচ জান পিয়েরো গাসপেরিনির মতে, ইতালির জন্য এটি ছিল ‘অভিশপ্ত’ ট্রফি। সেই দুর্ভাগ্য ঝেঁটিয়ে বিদায় করতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত এ ইতালিয়ান ফুটবল গুরু।
ইউরোপা লিগের ট্রফির জন্য আতালান্তার অপেক্ষা ছিল অনেক দীর্ঘ। ১১৭ বছরের ক্লাব ইতিহাসে দ্বিতীয় ও ৬১ বছরের মধ্যে প্রথম কোনো মেজর ঘরে তুলল ক্লাবটি। ১৯৯৯ সালে পার্মার পর প্রথম ইতালিয়ান ক্লাব হিসেবে এই টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিল আতালান্তা। অবশ্য পার্মা যখন চ্যাম্পিয়ন হয়েছিল, তখন টুর্নামেন্টটির নাম ছিল উয়েফা কাপ।
৬৬ বছরের কোচ গাসপেরিনির মতে, তাদের এ সাফল্য ফুটবলের রূপকথার গল্পে আলাদা একটা জায়গা করে নেবে, ‘ইতালির সবার জন্য খুবই গর্বের দিন, কারণ এটি ছিল অভিশপ্ত ট্রফি, এমনকি ইতালি থেকে শুধুমাত্র ইন্টার ও রোমাই গত ২৫ বছরে ফাইনালে উঠেছিল এবং হেরেছিল। আতালান্তার হয়ে এই সাফল্য সম্ভবত ফুটবলের সেই রূপকথাগুলোর একটি, যা খুব কমই ঘটে।’
গত সপ্তাহে ইতালিয়ান কাপের ফাইনালটা দুঃস্বপ্ন হয়ে ধরা দিয়েছিল আতালান্তার সামনে। তাদের কাঁদিয়ে টুর্নামেন্টের শিরোপা কেড়ে নিয়েছিল জুভেন্টাস। সেই শিরোপা নির্ধারণী ম্যাচে হারের কষ্টকে শক্তিতে রূপ দিয়ে আরেকটি ফাইনালে ঠিকই বাজিমাত করল আতালান্তা। ট্রফি জয়ের স্বাদ পেয়ে গেল ক্লাবটি।
জয়ের নায়ক লুকম্যান টিএনটি স্পোর্টসকে বলেন, ট্রফি জয়ের পালা কেবল শুরু হলো তাদের, ‘এটা আমার জীবনের সেরা রাতগুলোর একটি। উৎসব করতে হবে আমাদের। আজ রাতে আমরা ইতিহাস গড়েছি। হয়তো আরও আগে আসতে পারত ট্রফি, কিন্তু এখন এসেছে। আমি যে উন্নতি করেছি তাতে খুব খুশি, কিন্তু এটা তো শুরু মাত্র। এরকম আরও রাত আশা করছি।’
রূপকথার গল্পই লিখে যাচ্ছিল বায়ার লেভারকুসেন। অজেয় থেকে বুন্দেসলিগার শিরোপা জিতে লেখে তারা নতুন ইতিহাস। আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল কোচ জাবি আলোনসোর শিষ্যরা। কিন্তু ভাগ্য সহায় হলো না এবার। ফাইনালে হ্যাটট্রিক ম্যান অ্যাডেমোলা লুকম্যানে উজ্জীবিত আতালান্তা হৃদয় ভাঙল লেভারকুসেনের।
ডাবলিনের আভিভা স্টেডিয়ামে বুধবার রাতে ৩-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে আতালান্তা। প্রথমবারের মতো ইউরোপা লিগ ট্রফি জিতল ইতালিয়ান ক্লাবটি। এ নিয়ে দীর্ঘ ছয় দশক পর শিরোপার দেখা পেল আতালান্তা। ১৯৬২-৬৩ মৌসুমে ইতালিয়ান কাপের ফাইনালে তুরিনোকে হারিয়ে সবশেষ ট্রফি উঁচিয়ে ধরেছিল তারা।
মৌসুম শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত কোনো ম্যাচ হারেনি লেভারকুসেন। সব মিলিয়ে ৫১ ম্যাচ অজেয় থেকে ইউরোপিয়ান রেকর্ড গড়েছিল জার্মান দলটি। অবশেষে আকাশে উড়তে থাকা লেভারকুসেনকে মাটিতে নামিয়ে আনল আতালান্তা।
পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিল্ড জয়ের রেকর্ড গড়ে খেলতে নামা লেভারকুসেনের অপরাজিত থাকার অভিযাত্রা থেমে গেল। ৬১ বছর পর শিরোপার মুখ দেখা আতালান্তার কাছে শেষে হেরে গেল লেভারকুসেন।