মেয়েদের ডিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪ ১৮:১০ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪ ২১:২৭ পিএম
ঢাকা প্রিমিয়ার
ডিভিশন নারী ক্রিকেট লিগে ইতিহাস গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপিতে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে মেয়েদের ডিপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ রানের
ইনিংস খেলেছেন জাতীয় দলের ওপেনার মুর্শিদা খাতুন। সেঞ্চুরির দেখা পেয়েছেন আরেক টাইগ্রেস
ব্যাটার সোবহানা মোস্তারি। তাদের জোড়া সেঞ্চুরিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে
মোহামেডান। সেই সঙ্গে তুলে নিয়েছে ২৫১ রানের ব্যবধানে বিশাল জয়। দিনের আরেক ম্যাচে
সিটি ক্লাবের বিপক্ষে ১০ উইকেটের সহজ পেয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।
আজ বৃহস্পতিবার (২৩ মে) বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে জাতীয় দলের দুই ব্যাটার মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারির শতকে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৩৯২ রান করে মোহামেডান। মুর্শিদা ১৫৭ বলে ১৭৯ রানে অপরাজিত থেকে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন। মোস্তারির ব্যাট থেকে এসেছে ১০১ বলে ১২৮ রান। এই দুজনের ব্যাটিং তাণ্ডবে ২০২২-২৩ মৌসুমে গড়া কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে বিকেএসপির ৩২১ রানের রেকর্ড ভেঙ্গেছে মোহামেডান।
ব্যাটিংয়ে মোহামেডানের
উদ্বোধনী জুটি থেকেই আসে ১৩৫ রান। টানা তৃতীয় ফিফটি হাঁকান ওপেনার জাসিয়া আক্তার। ৪১
বলের ইনিংসে করেন ৭৫ রান। এরপর মুর্শিদা ও মোস্তারি ব্যাট করেছেন ইনিংসের শেষ ওভার
পর্যন্ত। গড়েছেন ১৯৩ বলে ২৫৭ রানের জুটি। ইনিংসের শেষ ওভারে বিদায়ের আগে মোস্তারি ১০১
বলে ১২৬ স্ট্রাইক রেটে ৬টি চার ও ৭টি ছক্কায় ১২৮ রানের ইনিংসে খেলেন।
ইনিংসের শেষ পর্যন্ত
অপরাজিত থাকা মুর্শিদা ১৫৭ বলে ১১৪ স্ট্রাইক রেটে অপরাজিত থাকেন ১৭৯ রানে। ইনিংসটি
সাজান ২৩টি চার ও ২টি ছয়ের সমাহারে। মেয়েদের প্রিমিয়ার লিগে এটি সর্বোচ্চ ব্যক্তিগত
ইনিংস। এর আগে সর্বোচ্চ ১৪২ রান ছিল মোহামেডানেরই কাশ্মীরি ক্রিকেটার জেসিয়া আক্তারের।
লক্ষ্য তাড়ায়
বেশি দূর যেতে পারেনি গুলশান ইয়ুথ ক্লাব। ৪৯.৪ ওভারে মাত্র ১৪১ রানে অলআউট হয়ে যায়
দলটি। সর্বোচ্চ ৩২ রান করেন সান্দিহা আক্তার আশা। সুয়ায়া আজমিন ২৯, শারমিন আক্তার সোহা
২১ রান করেন। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুমানা আহমেদ। এ ছাড়া ২টি করে উইকেট
নেন ফারিহা তৃষ্ণা, সালমা খাতুন ও সাবেকুন নাহার। ম্যাচসেরা হন মুর্শিদা খাতুন।
বিকেএসপির ৪ নম্বর
মাঠে দিনের আরেক ম্যাচে ভারতীয় পেসার মুক্তা মাগরের (৪/ ১৬) বোলিং নৈপুণ্যে আগে ব্যাট
করা সিটি ক্লাব থামে ৪৪.৪ ওভারে ১১৬ রানে। বাকি কাজটা করেন রূপালী ব্যাংকের দুই ওপেনার
ইসমা তানজিম (৬৭) ও ফারজানা হক (৫১)। দুজনের অপরাজিত অর্ধশতকে ১৬.৩ ওভারে কোনো উইকেট
না হারিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির দল।