প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৪ ১২:০৮ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪ ১৮:৩৬ পিএম
রবিচন্দ্রন অশ্বিন ও রোভম্যান পাওয়েল
টানা ছয় ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর রাজস্থান রয়্যালস পাঁচ ম্যাচ হেরে ছিল ব্যাকফুটে। কিন্তু আহমেদাবাদে এলিমিনেটর ম্যাচে এসে ভাগ্যটা বদলে গেল। জয় ছিনিয়ে নিয়ে রাজস্থান জায়গা করে নিল দ্বিতীয় কোয়ালিফায়ারে। আইপিএল থেকে বিদায় নিল বেঙ্গালুরু। এতে বিরাট কোহলি আর বেঙ্গালুরুর আইপিএল শিরোপার অপেক্ষা ফের বেড়ে গেল আরও একটু।
বেঙ্গালুরুর ছুড়ে দেওয়া ১৭৩ রানের লক্ষ্য রাজস্থান ছুঁয়ে ফেলে ৪ উইকেট আর ৬ বল হাতে রেখে। এখন তাদের সামনে ফাইনালে ওঠার সুযোগ। সে লক্ষ্যে চেন্নাইয়ে ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লড়বে রাজস্থান। ওই ম্যাচে জয়ী দল নাম লিখবে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ীদের লড়াই করতে হবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
ক্যামেরন গ্রিন ও রজত পাতিদার ৩১ বলে ৪১ রানের পার্টনারশিপ গড়েন। দলকে বিপদের মুখে রেখে দুজনই থেমে যান হঠাৎই। গ্লেন ম্যাক্সওয়েল গোল্ডেন ডাক মারলে প্রচণ্ড ধাক্কা খায় বেঙ্গালুরু।
শেষ দিকে মহীপাল লমরোর উপহার দেন ১৭ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি আসে পাতিদারের ব্যাটের হাসিতে। ২০ ওভারে ১৭২ রানের সংগ্রহ ম্যাচের গুরুত্ব বিবেচনায় ছিল লড়াকু।
যশস্বী জয়সওয়াল ও টম কোলার-ক্যাডমোরের ৪৬ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় রাজস্থান। জয়সওয়ালের ৩০ বলে ৪৫ রানের ইনিংসে এগিয়েও যায় তারা। শিমরন হেটমায়ার খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস। পরাগের সঙ্গে ২৫ বলে ৪৫ রানের জুটিতে রাজস্থানের জয়ের পথ সহজ করে দেন এ ক্যারাবিয়ান তারকা। লকি ফার্গুসনের করা ১৯তম ওভারেই রাজস্থানকে জয় উপহার রোভম্যান পাওয়েল।
সংক্ষিপ্ত স্কোর:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৭২/৮, ২০ ওভার (পাতিদার ৩৪, কোহলি ৩৩, লমরোর ৩২, গ্রিন ২৭; আভেশ ৩/৪৪, অশ্বিন ২/১৯, বোল্ট ১/১৬, চাহাল ১/৪৩)
রাজস্থান রয়্যালস: ১৭৪/৬, ২০ ওভার (জয়সওয়াল ৪৫, পরাগ ৩৬, হেটমায়ার ২৬, স্যামসন ১৭; সিরাজ ২/৩৩, কর্ন ১/১৯, গ্রিন ১/২৮)
ফল: রাজস্থান ৪ উইকেটে জয়ী।