× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেভারকুসেনের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন আতালান্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৪ ০৯:৫৪ এএম

আপডেট : ২৩ মে ২০২৪ ১১:৩৫ এএম

আতালান্তার শিরোপা উৎসব

আতালান্তার শিরোপা উৎসব

রূপকথার গল্পই লিখে যাচ্ছিল বায়ার লেভারকুসেন। অজেয় থেকে বুন্দেসলিগার শিরোপা জিতে লেখে তারা নতুন ইতিহাস। আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল কোচ জাবি আলোনসোর শিষ্যরা। কিন্তু ভাগ্য সহায় হলো না এবার। ফাইনালে হ্যাটট্রিকম্যান অ্যাডেমোলা লুকম্যানে উজ্জীবিত আতালান্তা হৃদয় ভাঙল লেভারকুসেনের।

ডাবলিনের আভিভা স্টেডিয়ামে বুধবার রাতে ৩-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে আতালান্তা। প্রথমবারের মতো ইউরোপা লিগ ট্রফি জিতল ইতালিয়ান ক্লাবটি। এ নিয়ে দীর্ঘ ছয় দশক পর শিরোপার দেখা পেল আতালান্তা। ১৯৬২-৬৩ মৌসুমে ইতালিয়ান কাপের ফাইনালে তুরিনোকে হারিয়ে সবশেষ ট্রফি উঁচিয়ে ধরেছিল তারা।

মৌসুম শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত কোনো ম্যাচ হারেনি লেভারকুসেন। সব মিলিয়ে ৫১ ম্যাচ অজেয় থেকে ইউরোপিয়ান রেকর্ড গড়েছিল জার্মান দলটি। অবশেষে আকাশে উড়তে থাকা লেভারকুসেনকে মাটিতে নামিয়ে আনল আতালান্তা।

পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিল্ড জয়ের রেকর্ড গড়ে খেলতে নামা লেভারকুসেনের অপরাজিত থাকার অভিযাত্রা থেমে গেল। ৬১ বছর পর শিরোপার মুখ দেখা আতালান্তার কাছে শেষে হেরে গেল লেভারকুসেন।

ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল হজম করে বসে জার্মান চ্যাম্পিয়নরা। বক্সের ডান দিক থেকে পাস দেন দাভিদে জাপাকস্তা। ছয় গজ বক্সের বাইরে বল ক্লিয়ার করতে পারতেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এসেকিয়েল পালাসিওস। কিন্তু দুর্ভাগ্য তার পক্ষে সম্ভব হয়নি। ক্ষিপ্রগতির শটে আতালান্তাকে লিড এনে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড লুকম্যান।

হারতে ভুলে গিয়ে ‘নেভারলুসেন’ তকমা পাওয়া লেভারকুসেন লড়াইয়ের ২৬তম মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে। নিজেদের অর্ধে হঠাৎই বলের দখল হারিয়ে ফেলে জার্মান ক্লাবটি। বল পেয়ে বক্সের বাইরে একজনকে কাটিয়ে জায়গা বানিয়ে নেন লুকম্যান। বুলেট গতির শটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফাইনালের নায়ক।

ম্যাচের বয়স ৭৫-এ পা দিলে আরেকটি গোল খেয়ে হতাশায় ডুবে লেভারকুসেন। সতীর্থের পাস থেকে বল নিয়ে নির্বিঘ্নে বক্সে ঢুকে পড়েন লুকম্যান। একজনকে কাটিয়ে বুলেট গতির শটে হ্যাটট্রিকম্যান বনে যান নাইজেরিয়ার এ তারকা উইঙ্গার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা