কাউন্টডাউন : টি ২০ বিশ্বকাপ
আরিফুর রাজু
প্রকাশ : ২২ মে ২০২৪ ১৮:৫২ পিএম
দল ঘোষণার আগেই ভারতের বিশ্বকাপ জার্সির ছবি ফাঁস হয়ে যায়
প্রদীপের নিচে আঁধারের মতোই বৈশ্বিক ইভেন্টগুলোও থাকে না বিতর্কের বাইরে। ব্যতিক্রম নয় আইসিসির আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরও। শুরুর আগেই বেশ কিছু আপত্তিকর ঘটনার জন্ম দিয়েছে এবারের টুর্নামেন্ট। যা জন্ম দিয়েছে বিতর্ক, তৈরি করেছে উত্তেজনা। দক্ষিণ আফ্রিকার দল গঠনে ‘ব্ল্যাক আফ্রিকান’ ইস্যু, ভারতের জার্সির ছবি ফাঁস, পাকিস্তানের অধিনায়কত্ব ও স্কোয়াড নিয়ে ধূম্রজাল ও বাংলাদেশের ক্রিকেটারদের স্ট্রাইক রেটÑ নবম বিশ্বকাপ শুরুর আগেই এমন সব ইস্যু নিয়ে সরগরম ক্রিকেটাঙ্গন।
ব্ল্যাক আফ্রিকান বিতর্ক : ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নিয়মানুযায়ী, দলের প্রথম একাদশে ৫ জন শ্বেতাঙ্গ ও ৬ জন কৃষ্ণাঙ্গ রাখা বাধ্যতামূলক। সেই ৬ জনের মধ্যে ২ জন ‘ব্ল্যাক আফ্রিকান’ হতে হবে। প্রোটিয়াদের দল গঠনে নেই কোনো নির্বাচক প্যানেল। টেস্ট দল বাছাই করেন হেড কোচ শুকরি কনরাড। আর সাদা বলের হেড কোচ রব ওয়াল্টার বাছাই করেন টি-টোয়েন্টি ও ওয়ানডে দল। এই দুই কোচ দল বেছে নেওয়ার আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর অব ক্রিকেট এনোক নকওয়ের সঙ্গে আলোচনা সেরে নেন। টি-২০ বিশ্বকাপ উপলক্ষে প্রোটিয়াদের ১৫ সদস্যের দলে ব্ল্যাক আফ্রিকান বলতে রয়েছেন একমাত্র কাগিসো রাবাদা। লুঙ্গি এনগিদি আইপিএল খেলতে পারেননি চোটের কারণে। তবে এসএ২০-তে ৮ ম্যাচে তুলেছেন ৮ উইকেট। এনগিদিকে পেছনে ফেলে ফিরেছেন হেনরিখ নরকিয়া। ফলে ট্রাভেলিং রিজার্ভে থেকে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।
পাকিস্তানের ক্যাপ্টেন্সি নিয়ে ধূম্রজাল : ওয়ানডে বিশ্বকাপে বাজে ফল। বিশ্বকাপে ব্যর্থতার পর ব্যাপক পরিবর্তন আসে পাকিস্তান ক্রিকেটে। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। পরবর্তীকালে ঘটা করে টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে দায়িত্ব পান শাহিন শাহ আফ্রিদি। তবে এক সিরিজ না ঘুরতেই নেতৃত্বে ফেরানো হয় বাবরকে। তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে পাকিস্তান।
পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। নবম আসরের ১৯ দল স্কোয়াড ঘোষণা করলেও এখন পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড খোলাসা করেনি পিসিবি। নিজেদের সবশেষ সিরিজ শেষে বিশ্বকাপ দল প্রকাশ্যে আনবে বলে জানিয়েছে তারা।
ভারতের জার্সির ছবি ফাঁস : বিশ্বকাপ দল ঘোষণার পরপরই জার্সির ছবি প্রকাশ্যে আনে ভারত। রোহিত শর্মারা কোন জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করবেন, তা ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে জানায় স্পন্সর সংস্থা। তবে সমর্থকদের দাবি, জার্সির এই ছবি আগেই দেখেছেন তারা। স্পন্সর প্রতিষ্ঠানের ভিডিও ছাড়ার আগেই জার্সির ছবি বিপণিবিতানে দেখেছে তারা। ফাঁস হওয়া জার্সির সঙ্গে আসল জার্সির রঙের মিল পেয়েছেন তারা।
বিতর্ক এখানেই শেষ নয়। সমর্থকদের দাবি, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সির সঙ্গে ২০১৯ সালের জার্সির অনেকাংশে মিল রয়েছে। তবে নকশায় কিছুটা ফারাক। ১৯ সালের জার্সির পিঠে গেরুয়া রঙ ছিল, এবার নীল রঙের।
নাজমুল হোসেনদের স্ট্রাইক রেট : পাওয়ার হিটিং, জুতসই স্ট্রাইক রেট ও ইম্প্রেশনÑ টি-টোয়েন্টি ব্যাটারের আদর্শ গুণগুলোর অন্যতম এই তিন উপাদান। অথচ বাংলাদেশের বেশিরভাগ ব্যাটারই এই জায়গাগুলোতে বেশ পেছনে। বিশ্বকাপে অংশ নেওয়া ২০ দলের অধিনায়কের মধ্যে স্ট্রাইক রেটে ১৯তম লাল-সবুজের প্রতিনিধি নাজমুল হোসেন শান্ত। তার স্ট্রাইক রেট ১১১। বাংলাদেশের ৯০ শতাংশ ব্যাটারেরই স্ট্রাইক রেট ১৫০-এর নিচে। তরুণদের মধ্যে তাওহিদ হৃদয়-রিশাদ হোসেন স্ট্রাইক রেটে কিছুটা আশা দেখালেও দলীয় অবস্থা শোচনীয়। এ নিয়ে কাঠগড়ায় বাংলাদেশের ব্যাটাররা।
নামিবিয়ার চমক: বিশ্বকাপে জায়গা পেতে চমক দেখায় নামিবিয়া। টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ডধারী ইয়ান নিকোল লফটি-ইটনকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করে বোর্ড। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়েই বাদ পড়েন লফটি-ইটন। এমন একজন মারকুটে ব্যাটারকে না রাখার বিষয়টি বেশ সমালোচনার জন্ম দিয়েছে।