× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল

কলকাতাকে ফাইনালে তুলে আইয়ারের একাধিক রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৪ ১২:৫০ পিএম

আপডেট : ২২ মে ২০২৪ ১৪:৪৯ পিএম

কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ছবি : সংগৃহীত

কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ছবি : সংগৃহীত

জয়ের ভিত গড়ে দেন বোলাররা। পরে ব্যাটারদের দৃঢ়তায় সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেসে খেলেই জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রথম দল হিসেবে তারা উঠে গেল আইপিএলের ফাইনালে। টুর্নামেন্টে এ নিয়ে চতুর্থবার ফাইনালে উঠল শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর।

হায়দরবাদকে উড়িয়ে দিতে দারুণ ভূমিকা রাখেন আসরের সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক, বোলিংয়ে তাকে সঙ্গ দেন বরুণ চক্রবর্তী। হায়দরাবাদ গুটিয়ে যায় মাত্র ১৫৯ রানে। বিপরীতে কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও ভেঙ্কটেশ আইয়ার মিলে সেই রান টপকে যান ৩৮ বল এবং ৮ উইকেট হাতে রেখেই। এদিন অধিনায়ক আইয়ার একাধিক রেকর্ড গড়েছেন।

আইপিএলের ইতিহাসে প্রথম কোনো অধিনায়ক হিসেবে তিনি ফাইনালে দুই দলকে নেতৃত্বে দিতে যাচ্ছেন। এমন নজির পাঁচটি করে শিরোপা জেতা মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা কিংবা অন্য কোনো অধিনায়ক দেখাতে পারেননি। যদিও অধিনায়ক হিসেবে শিরোপা জেতা হয়নি আইয়ারের। এর আগে ২০২০ আসরে তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল দিল্লি ক্যাপিটালস। সেবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে হারে তার দল। এবার কেকেআরকে ফাইনালে তুললেন আইয়ার।

বলিউড বাদশা শাহরুখ খানের দলটিকে এবার আইয়ার আইপিএল জেতাতে পারবেন কি না, তার উত্তর মিলবে আগামী ২৬ মে। সেদিন চেন্নাইয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে ধোনি আইপিএলে চেন্নাই ছাড়া পুনে সুপার জায়ান্টসকেও নেতৃত্ব দিয়েছিলেন। তবে পুনেকে ফাইনাল তোলা হয়নি তার।

ইতোমধ্যে অধিনায়ক হিসেবে আইপিএলের প্লে-অফে সবচেয়ে বেশি ম্যাচ জেতার তালিকায় চার নম্বরে উঠে এসেছেন আইয়ার। এই কীর্তিতে তিনি টপকে গেছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। আইপিএলের প্লে-অফে সর্বাধিক ১৭টি ম্যাচ জিতেছেন ধোনি। দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা (১১টি ম্যাচ)। তিনে আছেন গৌতম গম্ভীর (পাঁচটি ম্যাচ)। এরপর অবস্থান আইয়ারের।

এ ছাড়া ব্যাট হাতেও রেকর্ড করেছেন ডানহাতি ব্যাটার আইয়ার। কেকেআরের হয়ে আইপিএলের প্লে-অফে সর্বোচ্চ পার্টনারশিপের তালিকায় দু’নম্বরে উঠে এসেছে দুই আইয়ারের জুটি। গতকাল ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে তৃতীয় উইকেটে অপরাজিত ৯৭ রান যোগ করেন শ্রেয়াস। সামনে আছে শুধুমাত্র জ্যাক কালিস এবং মানবিন্দর বিসলার ১৩৬ রানের জুটি। ২০১২ আইপিএলের ফাইনালে তারা সেই রানটা তুলেছিলেন।

আইপিএলের প্লে-অফে রান তাড়ার করে জয়ের পথে অপরাজিত অর্ধশতরান করার তালিকায়ও নাম তুলেছেন শ্রেয়াস। এতদিন সেই রেকর্ডটি ছিল ডেভিড ওয়ার্নারের দখলে। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে অপরাজিত ৯৩ রান করেছিলেন অজি ক্রিকেটার। মঙ্গলবার শ্রেয়াস অপরাজিত ৫৮ রান (২৪ বল) করেন। এ ছাড়া অধিনায়ক হিসেবে চতুর্থ ক্রিকেটার হিসেবে প্লে-অফে সর্বোচ্চ দুটি ফিফটি করেছেন আইয়ার। তার আগে ওয়ার্নার ছাড়াও প্লে-অফে দুটি করে হাফসেঞ্চুরি করেছেন ধোনি ও রোহিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা