ফেড কাপ ফাইনাল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪ ১১:৫৬ এএম
আপডেট : ২২ মে ২০২৪ ১১:৫৭ এএম
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়। প্রবা ফটো
আজ পর্দা নামবে ফেডারেশন কাপ ২০২৪ ফুটবল টুর্নামেন্টের। বহুল প্রতীক্ষিত শিরোপা নির্ধারণী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলবে মোহামেডান। গেলবার তারা চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল। ফেডারেশন কাপে দুইবারের চ্যাম্পিয়ন কিংস। প্রতিযোগিতার তৃতীয় শিরোপা এবং ঘরোয়া ট্রেবল জিততে মরিয়া অস্কার ব্রুজনের দল। আর রেকর্ড ১২ শিরোপা জেতার হাতছানি সাদা-কালোদের সামনে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়; সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
ফেডারেশন কাপের ইতিহাসে সর্বোচ্চ ১২ শিরোপাজয়ী দল ঢাকা আবাহনী। দ্বিতীয় সর্বোচ্চ ১১ ট্রফি মোহামেডানের শোকেসে। আজ শিরোপা জিতলে ফেড কাপে আবাহনীর সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ডে ভাগ বসাবে মতিঝিল পাড়ার ক্লাবটি। প্রতিযোগিতায় এর আগে ১৫ বার ফাইনাল খেলেছে মোহামেডান। যেখানে জয়ের উল্লাসই বেশি। কেবল চারবারই ফাইনালে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ফাইনালে সবশেষ হারটিও প্রায় ২১ বছর আগের; ২০০৩ সালের ফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ কেসির বিপক্ষে অতিরিক্ত সময়ে গিয়ে হেরেছিল মোহামেডান। এরপর আরও তিনবার ফাইনালে উঠে তিনবারই ট্রফি জয়ের উল্লাস করেছে সাদ-কালো ব্রিগেড। এদিকে তিনবার ফাইনাল খেলা কিংসের জয় দুটি, হার একটিতে।

আসরে মোহামেহডান অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে। সেমিফাইনালে পিছিয়ে পড়েও পুলিশ এফসির বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কাটে ফাইনালের টিকিট। শিরোপার এক পা দূরত্বে দলটি। সবার প্রস্তুতিও দারুণ। সেটি জানিয়েছেন মোহামেডানের উইঙ্গার মিনহাজুল আবেদিন বাল্লু, ‘দলের সবার প্রস্তুতি ভালো। সবাই ফিট। এখন মাঠে পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিততে চাই।’ প্রিমিয়ার লিগে মোহামেডানই একমাত্র দল যারা কিংসকে হারাতে সক্ষম হয়েছে। প্রথম লেগে জয়ের পর দ্বিতীয় লেগেও ভালো খেলে দলটি। যদিও ময়মনসিংহের সেই ম্যাচে জয় তুলে নিতে পারেনি মোহামেডান। একের পর এক গোল মিসের হতাশায় না ডুবলে ম্যাচের ফল ভিন্ন কিছু হতে পারত। সেই আক্ষেপ ঝরেছে মিনহাজুলের কণ্ঠেও, ‘হ্যাঁ ওই ম্যাচে কিছু ভুল করেছি আমরা, নয়তো ফল অন্যরকম হতে পারত। তবে সেসব নিয়ে আর ভাবতে চাই না। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেজন্য আগামীকাল (আজ) মাঠে যা করার দরকার সেটিই করব। তবে অতি আত্মবিশ্বাসী হতে চাই না।’
এটি না বললেও চলে যে মিনহাজুলের কাছে কিংস প্রিয় প্রতিপক্ষ। লিগের প্রথম লেগের খেলায় তার গোলেই জয় পেয়েছিল মোহামেডান। এরপর দ্বিতীয় লেগেও কিংস অ্যারেনায় গোল পেয়েছিলেন তরুণ এই তারকা। যে কারণে সমর্থক এবং দলের প্রত্যাশা থাকবে তার কাছে। সেটি অজানা নয়, প্রয়োজনে মিডফিল্ডেও দারুণভাবে মানিয়ে নেওয়া এই তারকার ‘ভাগ্যের সহায়তাও ছিল, দুই লেগে গোল করেছি। এবারও সুযোগ পেলে গোল করব। কিন্তু গোল যে-ই করুক সেটি গুরুত্বপূর্ণ নয়, আমাদের লক্ষ্য ফাইনাল জেতা।’ প্রিয় প্রতিপক্ষ হলেও কিংসের প্রতি সমীহ রেখেই কথা বলেছেন মিনহাজুল, ‘কিংস বড় দল, তাদের বিপক্ষে জেতা কঠিন। কিন্তু মাঠে সেরাটা দিতে পারলে অবশ্যই ফল আমাদের পক্ষে আসবে।’

মৌসুমের প্রথম শিরোপা স্বাধীনতা কাপ, এরপর লিগ শিরোপা জিতে আত্মবিশ্বাসে টগবগে কিংস শিবির। তাদের চোখ ঘরোয়া ট্রেবল জয়ে। সেটি হলে প্রথমবারের মতো ঘরোয়া ট্রেবল জয়ের কীর্তিও গড়বে আলট্রাসরা। সে লক্ষ্যেই মোহামেডানকে হারাতে মাঠে নামবে অস্কার ব্রুজোনের দল। ম্যাচের আগের দিন দলটি স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমরা নিজেদের ওপর বিশ্বাসটা রাখছি। একে অপরের ওপর বিশ্বাসটা রাখছি, টেকনিক্যাল, ট্যাকটিক্যাল ক্ষমতার ওপরও। আমাদের সবকিছু ঢেলে দেব কালকের (আজ) ফাইনালে।’