প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ মে ২০২৪ ২৩:২৬ পিএম
পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে পাপুয়া নিউগিনি। এই অঞ্চল থেকে একটি দলই বিশ্বকাপের ছাড়পত্র পায়। পিএনজি তা নিশ্চিত করেছিল এক ম্যাচ হাতে রেখেই। বিশ্বকাপ বাছাইয়ে বাজিমাত করা দলটি মূল আসরেও চমক দেখাতে প্রস্তুত। এ জন্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্সকে বিশেষজ্ঞ কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার তাতেন্দা তাইবু পাপুয়া নিউগিনির প্রধান কোচ। দলে শক্তি বাড়াতে বিশেষ কোচ হিসেবে সিমন্সকে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে পাপুয়া নিউগিনির ক্রিকেট বোর্ড।
বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে স্থানীয় কন্ডিশন সম্পর্কে সিমন্সের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৬০ ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লেখান। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ দল ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। এ ছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ছিলেন সিমন্স। এর আগে ২০০৪-০৫ সালে জিম্বাবুয়ের কোচের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি কাজ করেছেন আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মতো দলের সঙ্গেও।