প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ মে ২০২৪ ২৩:০৯ পিএম
অবসরের ঘোষণা টনি ক্রুসের। সংগৃহীত ছবি
সমবয়সিরা খেলা চালিয়ে যাচ্ছেন। অথচ ৩৪ বছরেই থামতে চান টনি ক্রুস। ইউরোতে খেলেই সব ধরনের ফুটবল থেকে সরে দাঁড়াবেন জার্মান এই মিডফিল্ডার। গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রুস নিজেই।
ইনস্টাগ্রামে ক্রুস লিখেছেন, ‘২০১৪ সালের ১৭ জুলাই রিয়াল মাদ্রিদের হয়ে আমাকে পরিচয় করিয়ে দেওয়া দিনটিতে আমার জীবনও বদলে গিয়েছিল। ফুটবলার হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও আমাকে বদলে দিয়েছে। ১০ বছর পর মৌসুম শেষে অধ্যায়টা শেষ হতে যাচ্ছে। সেই সফল সময়টুকু আমি কখনোই ভুলব না!’
ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন। তাদের আলাদাভাবে ধন্যবাদ দিতে চাই। বিশেষভাবে মাদ্রিদিস্তা, তোমাদের ধন্যবাদ দিতে চাই। যারা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়েছে এবং আন্তরিকতা দেখিয়েছ।’
ক্রুস বলেছেন, ‘গ্রীষ্মের ইউরো চ্যাম্পিয়নশিপের পর আমার ক্যারিয়ার শেষ হবে। সব সময় বলেছি, রিয়াল আমার শেষ ক্লাব। আমি আনন্দিত ও গর্বিত। এখন একটাই ভাবনা, ১৫তম চ্যাম্পিয়নস লিগ জেতা।’
বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্রুস একটি বিশ্বকাপ, ৫ বার চ্যাম্পিয়নস লিগ, তিনটি বুন্দেসলিগা এবং সবশেষ রিয়ালের হয়ে লা লিগা শিরোপা জিতেছেন চারবার। সব মিলিয়ে ক্যারিয়ারে শিরোপা জিতেছেন ৩২টি।