প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ মে ২০২৪ ১৪:২৭ পিএম
আপডেট : ২১ মে ২০২৪ ১৭:০৯ পিএম
নতুন মৌসুমে সবকিছু আগে থেকেই নিশ্চিত ছিল। শুধু আনুষ্ঠানিকতাটা বাকি ছিল। সেটাই করে ফেলল লিভারপুল। ফেইনুর্ডের কোচ আর্না স্লটকে আগামী তিন বছরের জন্য চুক্তি করিয়েছে অলরেডরা।
গতকাল সোমবার লিভারপুল তাদের ওয়েবসাইটে স্লটকে কোচ করা নিয়ে একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, আগামী ১ জুন থেকে লিভারপুলের দায়িত্ব নিচ্ছেন আর্না স্লট।
তারা চুক্তির মেয়াদ সম্পর্কে না জানালেও, বিবিসির জানিয়েছে দুই পক্ষের চুক্তির মেয়াদ তিন বছর।
ডাচকে এই কোচকে আনতে ফেইনুর্ডকে ৯৪ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে লিভারপুল। গত মৌসুমে ডাচ ক্লাবটিকে শীর্ষ লিগ জিতিয়েছেন স্লট। এবার তার অধীনে লিগে দ্বিতীয় হওয়ার পাশাপাশি ডাচ কাপ জিতেছে ফেইনুর্ড।
২০২১ সালে ফেইনুর্ডের দায়িত্ব নেন স্লট। তার অধীনে সেই মৌসুমেই কনফারেন্স লিগের ফাইনালে খেলে ফেইনুর্ড। যদিও ফাইনালে রোমার কাছে হেরে যায় তারা। কিন্তু তার পরের মৌসুমেই অর্থাৎ ২০২২-২৩ মৌসুমে দীর্ঘ ২৪ বছর পর ফেইনুর্ডকে লিগ শিরোপা এনে দেন স্লট।
লিভারপুলের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় ৪৫ বছর বয়সি স্লট বলেন, ‘একজন ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে প্রিমিয়ার লিগের কোনো দলের প্রধান কোচ হতে পারা, বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটিতে যেতে পারা; এটা এড়ানো কঠিন।’
চলতি বছরের শুরুতেই লিভারপুল ছাড়ার ঘোষণা দেন ইয়ুর্গেন ক্লপ। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে নামে লিভারপুল। প্রথমদিকে কয়েকজনের নাম শোনা গেলেও, শেষ পর্যন্ত ফেইনুর্ডের ডাচ কোচের দিকে আগ্রহ দেখায় অলরেডরা। এবার তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিটিও সেরে ফেলল তারা।