কাউন্টডাউন : টি ২০ বিশ্বকাপ
নাজমুল হক তপন
প্রকাশ : ২১ মে ২০২৪ ১১:০৪ এএম
আপডেট : ২১ মে ২০২৪ ১১:৩৮ এএম
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শিরোপাজয়ী অস্ট্রেলিয়া দল। ফাইল ছবি
৫০ ওভারের ক্রিকেটের সঙ্গে দারুণ সাদৃশ্য ২০ ওভারের ক্রিকেটের। টি-টোয়েন্টি আসলে এক দিনের ক্রিকেটেরই সংক্ষিপ্ত রূপ। জাস্ট ৫০ ওভারকে চেপে ২০ ওভার করা হয়েছে। দুই ফরম্যাটেই আছে পাওয়ার প্লে। দুই ঘরানাতেই একজন বোলার সর্বোচ্চ বল করতে পারবেন, পাঁচ ভাগের এক ভাগ। কিন্তু মাঠের খেলায় বিশেষত বিশ্বকাপে এ দুই ঘরানার ক্রিকেটের আচরণ যেন সম্পূর্ণ বিপরীত। সংক্ষিপ্ত ফরম্যাটের এ আসর যেন ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এক মারণফাঁদ।
ধরা যাক অস্ট্রেলিয়ার কথাই। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা জেতে প্রবল পরাক্রম অজিরা। এর চার মাস পর অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসর। ৫০ ওভারের ক্রিকেটে এক যুগের বেশি সময় একচ্ছত্র রাজত্ব করা অস্ট্রেলিয়া মুখ থুবড়ে পড়ে ছোট ফরম্যাটের এ বিশ্বকাপে। ভারতের কাছে হেরে ফাইনালেই উঠতে পারেনি ইতিহাসের অন্যতম সেরা দলটি। সেই যে ওয়ানডে চ্যাম্পিয়নের পতনের শুরু তার যেন শেষ নেই।
ওয়ানডে (২০১১) চ্যাম্পিয়ন হিসেবে ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় ভারত। ৫০ ওভারের চ্যাম্পিয়নরা ডোবে আরও বড় লজ্জায়। সেমিফাইনালের আগেই বিদায়ঘণ্টা বাজে মহেন্দ্র সিং ধোনিদের। একবারের বিরতির পর ২০১৫ সালের ওয়ানডে আসরে হারানো মুকুট ফিরে পায় অজিরা। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু ওয়ানডে চ্যাম্পিয়নরা পারেনি ভাগ্য বদল করতে। সেমিফাইনালের আগেই আসর থেকে ঝরে পড়ে অস্ট্রেলিয়া।
ওয়ানডে চ্যাম্পিয়নরা এ দুঃস্বপ্ন থেকে বেরোতে পারেনি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ২০১৯ সালের ৫০ ওভারের ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংল্যান্ড। ওই সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলা ইংলিশরা টি-টোয়েন্টি টুর্নামেন্টে সুবিচার করতে পারেনি নিজেদের নামের প্রতি। তাদের স্বপ্নরথ থামে ফাইনালের আগেই। সেমিতে নিউজিল্যান্ডের কাছে তারা হেরে যায় ৫ উইকেটের বড় ব্যবধানে।
দেখতে একই রকম হলেও ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেট যেন ভিন্ন প্রকৃতির। ৫০ ওভারে দোর্দণ্ড দাপট দেখানো দলটিই পথ হারাচ্ছে সংক্ষিপ্ত সংস্করণের এ চোরাবালিতে। ক্রিকেট পেশাদারির শেষ কথা অস্ট্রেলিয়া। অজিরা তাদের সেরা সময়েও খেই হারিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। মাঝখানে অবশ্য রাজদণ্ড নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে দলটি। গত এক যুগে চার ওয়ানডে বিশ্বকাপের মধ্যে দুবার ফাইনালে উঠতে পারেনি অজিরা। গত এক দশকে ভারত ও ইংল্যান্ড বারবার হানা দিয়েছে অজি রাজত্বে। তবে সাম্প্রতিক সময়ে সেই পুরোনো ছন্দ যেন ফিরে পেয়েছে দলটি। সর্বশেষ টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতেছে তারা। এবার তাদের ঐতিহাসিক ট্রেবল মিশন।
ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি অজিদের জন্য এবারে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ টি-টোয়েন্টির ইতিহাস। কেননা ছোট সংস্করণের এ ক্রিকেট চলে তার আপন মহিমায়। আর ওয়ানডে ক্রিকেট থেকে নিজের স্বাতন্ত্র্য বজায় রাখতেই যেন বেশি আগ্রহী এ কুড়ি কুড়ির উৎসব।