× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ

ম্যাচ নিয়ে শঙ্কার মাঝেও শান্তদের অনুশীলন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৪ ২১:৩৭ পিএম

ম্যাচ নিয়ে শঙ্কার মাঝেও শান্তদের অনুশীলন

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই শঙ্কা জাগছে, ‘হিউস্টেন প্রেইরি ভিউতে সিরিজটি কি আদৌ আলোর মুখ দেখবে?’ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সহ-আয়োজক মার্কিনিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু যে ভেন্যুতে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা, সেই স্টেডিয়াম ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। খেলা মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে প্রস্তুতিতে কমতি রাখছেন না টাইগাররা। জিমে ঘাম ঝরাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। 

আইসিসির সহযোগী সদস্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামী মঙ্গলবার মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে শেষ দুটি ম্যাচ বৃহস্পতি ও শনিবার। সবগুলো ম্যাচ হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সেই সিরিজকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এই স্টেডিয়ামেই টাইগারদের প্রস্তুতি পর্ব হওয়ার কথা ছিল। কিন্তু স্টেডিয়াম বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ইনডোরে জিম সেশনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। 

রবিবার (১৯ মে) হিউস্টনে ক্রিকেটারদের জিমের একটি ভিডিও নিজেদের ফেসবুকে পোস্ট করেছে বিসিবি। ভিডিওতে দেখা যায়, লিটন মাহমুদউল্লাহকে উৎসাহ দিচ্ছেন। সাবধানী তাসকিন ফিজিওর নির্দেশনা মতো একটু একটু করে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। সাকিব বেশ খোশ মেজাজে অন্যদের প্র্যাকটিস দেখেছেন। ফিট থাকার জন্য টাইগার আইকন নিজেও ঘাম ঝরিয়েছেন। তরুণ ক্রিকেটার রিশাদ ও তানজিম সাকিব প্রস্তুত হচ্ছিলেন পরবর্তী ম্যাচের জন্য। পাশেই অফফর্মে থাকা অধিনায়ক শান্ত ভারোত্তোলনে নিজের কারিকুরি দেখাচ্ছিলেন তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলামকে। আর মুস্তাফিজ বোলারদের নানান টিপস দিয়েছেন এবং শেয়ার করেছেন ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে (আইপিএল) খেলার অভিজ্ঞতা।

এদিকে গত শুক্রবার ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করে লিখেছিলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ ২১ মে শুরু হওয়ার কথা থাকলেও হিউস্টনের ওপর দিয়ে গত বৃহস্পতিবার ঝড় বয়ে যাওয়ায় সে ম্যাচটি শঙ্কায় পড়েছে।’

বাংলাদেশের সাবেক পেসার ও বর্তমানে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের সদস্য গোলাম নওশের প্রিন্স জানান, ‘আজ (গতকাল) রোদ উঠেছে। যে পূর্বাভাস তাতে আগামী রবিবার পর্যন্ত আবহাওয়া ভালো থাকবে। মাঠের কোনো ক্ষতি হয়নি। অস্থায়ীভাবে বসানো কাঠামোগুলো ভেঙেছে। সেগুলো ঠিক করার কাজ শুরু হয়ে গেছে। যে মাঠে খেলা হবে, সেটা সমতল থেকে খানিকটা উঁচুতে, ফলে পানি জমে থাকার সুযোগ নেই।’

ক্রিকেটের কোনো সংস্করণেই এখনও মুখোমুখি হয়নি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ খেলবে শান্তরা। আসন্ন এই সিরিজের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সামির বান্দেকার, জারমেইন লিন্ডো, আদিত্য গাজ্জার, বিজয়া মাল্লেলা। বান্দেকার, গাজ্জার ও মাল্লেলা ভারতীয় বংশোদ্ভূত আর লিন্ডো জ্যামাইকান। এদের মধ্যে সামির এক বিশেষ কারণে আলোচিত নাম।

২০০৬ সালে একবার মাঠ থেকে ‘উধাও’ হয়েছিলেন তিনি! ওই বছরের ৪ ডিসেম্বর ফিরোজ শাহ কোটলায় (বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম) দিল্লি আর উত্তর প্রদেশের মধ্যকার রঞ্জি ট্রফি ম্যাচের শেষ দিনে এমন কাণ্ড ঘটান তিনি। ৫৯ বছর বয়সি বান্দেকারই এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ও শেষ ম্যাচে অনফিল্ড আম্পায়ারিং করবেন এখন পর্যন্ত ৩৪টি ম্যাচ পরিচালনা করা সামির। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা