প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মে ২০২৪ ২১:১১ পিএম
ভারত-পাকিস্তান সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলে ২০১৩ সালে, ভারতে। দ্য ব্লুজদের সবশেষ পাকিস্তান সিরিজ ছিল ২০০৬ সালে। পরবর্তীকালে ২০০৮ সালের এশিয়া কাপ খেলতে পাকিস্তান গিয়েছিল ভারত। প্রতিবেশী দেশে ওটাই রোহিত শর্মার দেশের শেষ সফর। বরং দিনকে দিন দুদেশের ভূরাজনৈতিক ও ক্রিকেটীয় অবস্থা অচল হওয়ার পথে। দুদেশ কেবল আইসিসির বা এসিসির ইভেন্টগুলোতে অংশ নেয়। তাও নিরপেক্ষ ভেন্যুতে। সবশেষ এশিয়া কাপেও সে রকমটাই দেখা গেছে।
দুদেশের টানাপড়েন নিয়ে ক্রিকেটবিশ্বে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে দেশ দুটির সাবেক-বর্তমান অনেক ক্রিকেটারই চান চিরপ্রতিদ্বন্দ্বীরা ব্যাট-বলের যুদ্ধে নামুক। এ নিয়ে ভারত দলের অধিনায়ক রোহিত শর্মার চাওয়াÑ অন্তত ভারত-পাকিস্তানের মধ্যকার টেস্ট চালু হওয়া উচিত। আর সাবেক অধিনায়ক বিরাট কোহলিও এ প্রসঙ্গে কথা বলেছেন। ২০২২ সালে ভারতের পাকিস্তান সফরের প্রসঙ্গ নিয়ে কোহলি কথা বলেছেন পাকিস্তানের পর্বতারোহী শেহরোজ কাশিফের সঙ্গে। ভিডিও কলে হওয়া সেই কথোপকথন সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন কাশিফ। কাশিফকে বলেছিলেন, ‘তোমার পরিবারকে আমার শুভেচ্ছা জানিও। আশা করছি, আমরা শিগগির পাকিস্তান সফর করব। সবাই-ই তো এখন পাকিস্তানে সফর করতে শুরু করেছে।’ সে প্রেক্ষাপটেই শহীদ আফ্রিদি বলেছেন, ‘আমি বিরাটের কাছ থেকে এমন বক্তব্যই আশা করি। আমি তাকে স্বাগত জানাই। সে পিএসএলে আসুক বা ভারত দলের হয়েই আসুক।’