জানিয়েছেন নিজেই
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৪ ২০:৫৯ পিএম
আর্না স্লট নিশ্চিত করে দিলেন, আগামী মৌসুমে অল রেডদের নতুন কোচ হিসেবে ক্লপের স্থলাভিষিক্ত হবেন তিনি। ছবি : সংগৃহীত
ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে আর্না স্লট নিশ্চিত করে দিলেন, আগামী মৌসুমে অল রেডদের নতুন কোচ হিসেবে ক্লপের স্থলাভিষিক্ত হবেন তিনি। স্লটের বর্তমান ক্লাব ফেইনুর্ডের সঙ্গে লিভারপুলের আলোচনার খবর শোনা যাচ্ছিল গত মাস থেকেই। অল রেডদের কোচ হওয়ার আগ্রহের কথা স্লট নিজেও জানিয়ে দেন সরাসরি। কদিন আগে তিনি জানান, দ্রুতই চূড়ান্ত হয়ে যাবে সবকিছু।
আগামী মৌসুমে অ্যানফিল্ডে আসার কথা শুক্রবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করে দেন ৪৫ বছর বয়সি এই ডাচ কোচ, ‘আমি নিশ্চিত করতে পারি যে, পরের মৌসুমে সেখানে (লিভারপুলে) কোচ হব।’ ফেইনুর্ডও সামাজিকমাধ্যম এক্স-এ ভিডিও বার্তায় স্লটের ক্লাব ছাড়ার কথা নিশ্চিত করেছে, ‘আর্না স্লট যুগের অবসান হচ্ছে। সবাই শেষ মুহূর্তগুলো উপভোগ করি।’
ফেইনুর্ডে আগ্রাসী ও উদ্ভাবনী ঘরানার ফুটবল দিয়ে নজর কাড়া স্লট প্রথম মৌসুমেই দলকে তোলেন উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে। পরে ২০২২-২৩ মৌসুমে ক্লাবকে এনে দেন ডাচ লিগের শিরোপা। চলতি মৌসুমে তারা জিতেছে ডাচ কাপের শিরোপাও। লিগে দ্বিতীয় হওয়াও নিশ্চিত হয়েছে তাদের।
আজ লিগের শেষ ম্যাচ দিয়ে ফেইনুর্ড অধ্যায় শেষ করবেন স্লট। একই দিন প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে লিভারপুলকে বিদায় জানাবেন ক্লপ।