প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪ ২০:২৩ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আর বাধা নেই লামিচানের; ফাইল ছবি
নেপাল ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি। কিন্তু ধর্ষণের এক মামলায় গত জানুয়ারিতে আদালতে দোষী সাব্যস্ত হয়ে ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন সন্দীপ লামিচানে। অবশেষে গত বুধবার উচ্চ আদালতে মামলা থেকে খালাস পান তারকা এই লেগস্পিনার। এরপর লামিচানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (এনসিএ)। এবার আইসিসি থেকেও মাঠে ফেরার অনুমতি পেয়েছেন তিনি। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আর কোনো বাধা নেই ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের।
লামিচানেকে নেপালের বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করতে গত বৃহস্পতিবার আইসিসির কাছে অনুমতি চায় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন)। এরপর গতকাল শুক্রবার লামিচানেকে বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করতে অনুমতি দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ, ‘আইসিসি লামিচানেকে দলে অন্তর্ভূক্ত করতে অনুমতি দিয়েছে। এখন বিশ্বকাপ দলে তার অংশ নেওয়ার দুয়ার খুলে গেল। ইতোমধ্যে আমরা তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। যাতে করে সে ২২ মে নেপালের হয়ে হিউস্টন হ্যারিকেন্সের বিপক্ষে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে খেলতে পারে।’
মূলত এই ম্যাচে তাকে খেলানোর মাধ্যমে ফিটনেস দেখা হবে। যদি তাকে যথেষ্ট ফিট মনে হয় তাহলে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও তাকে খেলানো হবে এবং বিশ্বকাপ দলে যুক্ত করা হবে। জানা গেছে, উচ্চ আদালতে আপিল করার পর থেকেই নিয়মিত ক্রিকেট একাডেমিতে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই লেগ স্পিনার। সেক্ষেত্রে ফিটনেসে তার খুব একটা সমস্যা হওয়ার কথা না।
আগামী ২৫ মের আগ পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই বিশ্বকাপ দলে পরিবর্তন আনা যাবে। সেক্ষেত্রে ২২ মে’র ম্যাচের পর লামিচানেকে যুক্ত করে দল ঘোষণা করতে পারে নেপাল। এরপর ২৭ মে কানাডা ও ৩০ মে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টেক্সাসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল আছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো দল। ডালাসে ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচ দিয়ে নেপালের বিশ্বকাপ মিশন শুরু হবে। এরপর ১২ জুন শ্রীলঙ্কার বিপক্ষে লডারহিলে খেলবে দ্বিতীয় ম্যাচ। ১৫ জুন কিংসটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচ। আর ১৭ জুন একই ভেন্যুতে শেষ ম্যাচে তারা লড়বে বাংলাদেশের বিপক্ষে।