টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মে ২০২৪ ২০:০৩ পিএম
আপডেট : ১৭ মে ২০২৪ ২০:১৫ পিএম
নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে; ফাইল ছবি
নেপাল ক্রিকেটের পোস্টারবয় সন্দীপ লামিচানে। তার বিরুদ্ধে ২০২২ সালে ১৮ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। এরপর গত জানুয়ারিতে আদালতে দোষী সাব্যস্ত হয়ে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলেন লামিচানে। বুধবার (১৫ মে) ওই ধর্ষণ মামলা থেকে খালাস পেয়েছেন দেশটির সাবেক এই অধিনায়ক।
উচ্চ আদালত থেকে মুক্তি পাওয়ায় লামিচানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (এনসিএ)। এরপর থেকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তার অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় আসে। ইতোমধ্যে তাকে দলভুক্ত করতে আইসিসির কাছে অনাপত্তি চেয়েছে এনসিএ। আইসিসি কোনো আপত্তি না করলে বিশ্বকাপ দলে যুক্ত করা হবে তারকা এই লেগ স্পিনারকে।
২৫ মের আগ পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই বিশ্বকাপ দলে পরিবর্তন আনা যাবে। আইসিসি কোনো আপত্তি না জানালে ২৩ বছর বয়সি লামিচানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন। জানা গেছে, দুয়েক দিনের মধ্যেই মিলতে পারে আইসিসির সম্মতি কিংবা আপত্তি। শেষ পর্যন্ত তার মতো দেশসেরা স্পিনারকে দলে যুক্ত করতে পারলে সেটা নেপালের জন্য নিঃসন্দেহে দারুণ কিছু হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে
নেপালের প্রতিপক্ষ বাংলাদেশ, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো দল। ডালাসে
৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নেপালের বিশ্বকাপ মিশন শুরু হবে। এরপর ১২
জুন শ্রীলঙ্কা, ১৫ জুন দক্ষিণ আফ্রিকা এবং ১৭ জুন বাংলাদেশের বিপক্ষে লড়বে তারা।