× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ডিপিএল

জাসিয়ার বিধ্বংসী সেঞ্চুরিতে দাপুটে জয় মোহামেডানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৪ ১৮:৫৬ পিএম

আপডেট : ১৭ মে ২০২৪ ১৯:১৩ পিএম

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওপেনার জাসিয়া আক্তার; ছবি : বিসিবি

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওপেনার জাসিয়া আক্তার; ছবি : বিসিবি

মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ওমেন্স ক্রিকেট লিগ। আসরের উদ্বোধনী দিনেই বিধ্বংসী সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জাসিয়া আক্তার। ভারতীয় এই ব্যাটারের অনবদ্য ব্যাটিংয়ে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে ২৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহামেডান। দিনের আরেক ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি ওমেন্স ক্রিকেট দলকে ৮ উইকেটে হারিয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ওমেন্স ক্রিকেট দল। আর সিটি ক্লাব নারী ক্রিকেট দলের বিপক্ষে ৬৫ রানের জয় তুলে নিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র ওমেন্স ক্রিকেট দল।

জাসিয়া-সাবেকুনে বড় জয় মোহামেডানের 

শুক্রবার (১৭ মে) বিকেএসপির ১ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৫ রান করে মোহামেডান। ব্যাট হাতে মাত্র ৬৯ বলে ১৬টি চার ও ৩টি ছক্কায় ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন জাসিয়া। জাবিদ আহসানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নীলা ইসলাম।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৫১ রানে অলআউট হয়ে যায় জাবিদ আহসান ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন মিডল অর্ডার ব্যাটার মুর্শিদা নাজনিন। মোহামেডানের হয়ে ৩ ওভারে মাত্র ৪ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার সাবেকুন নাহার। ম্যাচসেরা নির্বাচিত হন জাসিয়া আক্তার।

ফারজানার ব্যাটে সহজ জয় রূপালী ব্যাংকের 

একই ভেন্যুর ৩ নম্বর মাঠে আরেক নবাগত আনসার ও ভিডিপিকে ৮ উইকেটে হারিয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। টস জিতে আগে ব্যাট করতে নামা আনসার নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রান করে। ব্যাট হাতে ৮৮ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটার সুলতানা। বল হাতে পূজা চক্রবর্তী সর্বোচ্চ ৩ উইকেট নেন।   

২১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২১ বল হাতে রেখেই পাড়ি দেয় রূপালী ব্যাংক। জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিংকি সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত থাকেন। তার ১২৩ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কার মার। আহত অবসর হওয়ার আগে ৮৫ বল খেলে ৫৯ রান করেছেন লতা মণ্ডল। ম্যাচসেরা নির্বাচিত হন ফারজানা হক পিংকি।

সিটি ক্লাবকে হারাল কলাবাগান ক্রীড়া চক্র

বিকেএসপির ৪ নম্বর মাঠে দিনের অপর ম্যাচে সিটি ক্লাবকে ৬৫ রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। আগে ব্যাট করে কলাবাগান ৪৮.৪ বলে গুটিয়ে যাওয়ার আগে করেছিল ১৮৮ রান। দলের পক্ষে ৭০ বলে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার ফাতেমা তুজ জোহরা। সিটি ক্লাবের হয়ে ফেরদৌসি সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন।

১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮.৪ ওভার পর্যন্ত খেলে ১২৩ রানেই গুটিয়ে যায় সিটি। ওপেনার মিষ্টি রাণী সাহা ৩৪, মিশু খান ৩২ ও কামরুন নাহারের ১৯ রান ছাড়া কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। কলাবাগানের হয়ে বল হাতে মাহরুন নেসা জয়া সর্বোচ্চ ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা