প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৪ ১৮:১৮ পিএম
প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ দল ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ভিন্ন ম্যাচে আজ পেয়েছিল অবনমন অঞ্চলে থাকা দুই প্রতিপক্ষকে। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে আবাহনী। তবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে জোড়া গোলে এগিয়ে থাকার পরও পয়েন্ট হারিয়েছে সাদা-কালোরা।
শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে মোহামেডানকে ৩-৩ গোলে রুখে দিয়েছে রহমতগঞ্জ। খেলার শুরুতে দলকে প্রথমে লিড এনে দেন জাফর ইকবাল। লিড দ্বিগুণ করেন সোলেমান দিয়াবাতে। প্রথমার্ধেই মোহামেডানের জোড়া গোল পরিশোধ করেন আর্নেস্ট বোয়েটিং ও স্যামুয়েল কোনি। দ্বিতীয়ার্ধে ঘানার এই উইঙ্গার রহমতগঞ্জকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মোহামেডানকে সমতায় ফেরান দিয়াবাতে। দুই দলের প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে লিগের তলানীতে থাকা ব্রাদার্স পাত্তাই পায়নি আবাহনীর সামনে। হেরেছে ৭-১ ব্যবধানে। লিগের প্রথম লেগের খেলায় ৩-২ ব্যবধানে হেরেছিল চলতি লিগ থেকে দ্বিতীয় স্তরে নেমে যাওয়া ব্রাদার্স। এদিন আবাহনীর হয়ে হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। জোড়া গোল করেন ব্রান্দাও। একবার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন আবাহনীর মিডফিল্ডার মিরাজ হোসেন। ব্রাদার্সের হয়ে এক গোল পরিশোধ দেন নোদির মাভলোনভব।
দিনের অপর খেলায় এগিয়ে গিয়ে জয় পায়নি চট্টগ্রাম আবাহনী। শেখ রাসেলের বিপক্ষে ড্র করেছে ১-১ ব্যবধানে। যদিও প্রথম লেগের দেখায় ২-১ ব্যবধানে জিতেছিল শেখ রাসেলে ক্রীড়া চক্র।
প্রিমিয়ার লিগে ১৫ খেলায় ৪০ পয়েন্ট পেয়ে শীর্ষে অবস্থান করছে কিংস। এক ম্যাচ বেশি খেলে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান। তিনে থাকা আবাহনীর ঝুলিতে মোহামেডানের সমান ২৯ পয়েন্ট।