প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মে ২০২৪ ১৫:০০ পিএম
মাঠের ফুটবলে দারুণ ছন্দে। আয়েও শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো। চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় প্রথম হয়েছেন পুর্তগিজ তারকা। অবনমন হয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। তিনি দুই থেকে তিনে নেমেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা–বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের হালনাগাদ তালিকায় এ খবর উঠে এসেছে।
গত এক বছরে ২৬ কোটি মার্কিন ডলার আয় করেছেন ৩৯ বর্ষী রোনালদো। যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৪৭ কোটি টাকার বেশি। সৌদি প্রো লিগের দল আল নাসরে বার্ষিক প্রায় ২০ কোটি ডলার বেতন পান তিনি। তাছাড়া কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি। সবমিলিয়ে তার আয় ৬ কোটি ডলার। গত বছরের অক্টোবরে প্রকাশিত তালিকাতেও তার আয়ের পরিমাণ ছিল একই।
দ্বিতীয় সর্বোচ্চ আয় স্প্যানিশ গলফার জন রামের। তার আয় ২১ কোটি ৮০ লাখ ডলার। তিনে থাকা মেসির আয় ১৩ কোটি ৫০ লাখ ডলার। গত অক্টোবরের তালিকাতেও ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ডের আয় ছিল একই। বাস্কেটবলের মহাতারকা ও এনবিএ কিংবদন্তি লেব্রন জেমস তালিকার চারে। তার আয় ১২ কোটি ৮২ লাখ ডলার। ১১ কোটি ১০ লাখ ডলার আয় নিয়ে পাঁচে আরেক বাস্কেটবল তারকা জিয়ানিস আন্টেটোকোম্পো।
তালিকার পরের তিনটি স্থান ফুটবলারদের। কিলিয়ান এমবাপের আয় ১১ কোটি ডলার। সাতে থাকা নেইমার জুনিয়রের আয় ১০ কোটি ৮০ লাখ ডলার। করিম বেনজেমার আয় ১০ কোটি ৬০ লাখ ডলার । নবম স্থানে থাকা বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারির আয় ১০ কোটি ২০ লাখ ডলার। দশমে থাকা এনএফএল তারকা লামার জ্যাকসনের আয় ১০ কোটি ৫ লাখ ডলার।