কাউন্টডাউন : টি-২০ বিশ্বকাপ
রুবেল রেহান
প্রকাশ : ১৭ মে ২০২৪ ১২:৫৩ পিএম
আপডেট : ১৭ মে ২০২৪ ১২:৫৫ পিএম
ঘনিয়ে আসছে বিশ্বকাপ শুরুর দিনক্ষণ। দলগুলো নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে সাম্প্রতিক ফর্ম আর র্যাঙ্কিংও। বিশ্বমঞ্চে পা রাখার আগে শীর্ষ র্যাঙ্কিংধারী দলটি বোধ করি আর সবার থেকে মনস্তাত্ত্বিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকে। যদিও বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে র্যাঙ্কিংয়ের প্রভাব নেই বললেই চলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এমনটাই। র্যাঙ্কিং যেন শুধুই সান্ত্বনা!
এখন পর্যন্ত হওয়া আট বিশ্বকাপের প্রথম দুটিতে ছিল না টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের হিসাব। তবে ২০১২ সাল থেকে ধরলে পরবর্তী পাঁচটি বিশ্বকাপের চারটিতেই শীর্ষ র্যাঙ্কিংধারী দল নাগাল পায়নি শিরোপার। একমাত্র ব্যতিক্রম শ্রীলঙ্কা। ২০১৪ সালে বাংলাদেশে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় ওই সময়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল শ্রীলঙ্কা।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম আসরে টেস্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি খেলে ১০ দল। বাছাইপর্ব থেকে সুযোগ পায় স্কটল্যান্ড ও নামিবিয়া। টেস্টে তখন শীর্ষ র্যাঙ্কিংধারী অস্ট্রেলিয়া বাদ পড়ে সেমিফাইনাল থেকে। ২০০৯ সালে পরের বিশ্বকাপে ৯টি টেস্ট দল সরাসরি অংশ নেয়। টি-টোয়েন্টি র্যাঙ্কিং তখনও সেভাবে কার্যকর ছিল না।
২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য সেবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে ফেরে ২০১২ সালে। কুড়ি কুড়ির চতুর্থ আসরে র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল ইংল্যান্ড। কিন্তু সেমিফাইনালের নাগাল পায়নি ইংলিশরা। ২০১৪ সালে বাংলাদেশে আয়োজিত বিশ্বকাপে শীর্ষ র্যাঙ্কিংধারী পায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ। সেই আক্ষেপ পরেরবারই ২০১৪ বিশ্বকাপে মেটায় শ্রীলঙ্কা।
২০১৬ সালেও উপমহাদেশেই অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। ঘরের মাঠের সুবিধার পাশাপাশি বিশ্বমঞ্চে ভারত নামে র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান হিসেবে। গ্রুপ পর্ব বাংলাদেশের বিপক্ষে হার হারতে বেঁচে যায় ভারত। এক রানের রুদ্ধশ্বাস জয় পায় ভারত। তবে বেশি দূর এগোতে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। শীর্ষ র্যাঙ্কিংধারীদের বিদায়ঘণ্টা বেজে যায় সেমিফাইনালের মঞ্চেই।
পাঁচ বছরের বিরতির পর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় মরুর রাষ্ট্র ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও ভাগ্যের চাকা ঘোরাতে পারেনি শীর্ষ র্যাঙ্কিংয়ের দলটি। আগের বিশ্বকাপে রানার্সআপ ইংল্যান্ড সেবার ফেভারিটের তকমা নিয়েই বিশ্বকাপে অংশ নেয়। কিন্তু শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। ইংলিশদের স্বপ্নযাত্রা থামে সেমিতে। যদিও পরের বিশ্বকাপেই শিরোপা জেতে ইংল্যান্ড। দীর্ঘ সময় এই ফরম্যাটের শীর্ষস্থান দখলে রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় ভারত। কিন্তু র্যাঙ্কিংয়ে শীর্ষধারী দলটিকে সেমির যুদ্ধে হারিয়ে দেয় ইংল্যান্ড।
এদিকে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টির শীর্ষ র্যাঙ্কিংয়ে ভারত। এবারও রোহিত শর্মা, বিরাট কোহলিদের ফেভারিট ভাবছেন অনেকেই। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের শাপমোচন কী ঘটাতে পারবে নাকি টি-টোয়েন্টিতে এক নম্বরের দুঃস্বপ্নই হবে ভারতের সঙ্গী?