× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বড় স্বপ্নে চোখ টাইগারদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৪ ২১:৩০ পিএম

আপডেট : ১৬ মে ২০২৪ ২১:৫৫ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে অফিসিয়াল ফটোসেশনে ক্রিকেটাররা; ছবি : আ. ই. আলীম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে অফিসিয়াল ফটোসেশনে ক্রিকেটাররা; ছবি : আ. ই. আলীম

আইসিসির ইভেন্টে বাংলাদেশের সেরা সাফল্য ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। যুব বিশ্বকাপজয়ী দলটাই ধীরে ধীরে জাতীয় দলের প্রতিচ্ছবি হয়ে উঠছে। এরই মধ্যে টাইগার শিবিরে নিজের অবস্থান পাকা করেছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। গত ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন ডানহাতি এই ব্যাটার। লাল-সবুজের জার্সিতে প্রথমবার খেলবেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা হৃদয়ের লক্ষ্য এবার মূল দলের হয়ে বিশ্বকাপ জয়। 

জুনের ২ তারিখে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির মেগা এই আসর শুরুর কয়েক সপ্তাহ বাকি থাকলেও একটু আগেভাগেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বৈশ্বিক আসরের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ খেলতে বুধবার রাতে দেশ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর ব্রিগেড। মার্কিন কন্ডিশনের সঙ্গে যেন ক্রিকেটাররা দ্রুত মানিয়ে নিতে পারে সেটাই মূল লক্ষ্য লাল-সবুজ জার্সিধারীদের।

বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে বুধবার মিরপুরে শেষবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের সময় দলের কার্যক্রমের একটি ভিডিও বৃহস্পতিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিসিবির ওই ভিডিওতে বিশ্বকাপ নিয়ে ক্রিকেটাররা নিজেদের ভাবনার কথা জানিয়েছেন। সেখানে সবচেয়ে বড় স্বপ্নের কথাই জানিয়েছেন হৃদয়।

২৩ বছর বয়সি এই ব্যাটার বলেন, ‘বিশ্বকাপের মতো জায়গায় গিয়ে ভালো করতে চাই। শুধু ভালো করাই না, কাপ নিতে চাই। এটা শুধু আমি না, আমরা সবাই চাই।’ বিশ্বকাপে দল হিসেবে ভালো ক্রিকেট খেলার বার্তা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর, ‘টিম হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই। অনেক ভালো জায়গায় যেতে চাই।’ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আরও একবার নিজের সেরাটা দিতে চান, ‘আমি চাইব দলের জন্য অবদান রাখতে। যেন বাংলাদেশের জন্য এবারও ভালো কিছু করতে পারি।’ 

বিশ্বকাপে টাইগারদের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া পেসার তাসকিন আহমেদ খেলতে চান দ্বিতীয় রাউন্ডে, ‘আমি খুব বিশ্বাস করি আমাদের দল অবশ্যই দ্বিতীয় রাউন্ডে যাবে।’ অধিনায়ক শান্তর নেত্বত্বে বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের, ‘আমি বিশ্বাস করি ওর যে নেতৃত্বগুণ আছে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে।’ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সবার দোয়া চেয়েছেন, ‘আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যেন আমরা বিশ্বকাপে দল হিসেবে দেশকে ভালো কিছু দিতে পারি। দেশকে জেতাতে পারি।’

মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিক বলেন, ‘আমি চাইব প্রত্যেকটা ম্যাচ স্টেপ বাই স্টেপ ভালো পারফর্ম করব এবং জিতব।’ যুব বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব সামনে এনেছেন দলীয় ঐক্যের বিষয়টি। তার কথায়, ‘আমাদের বন্ধন খুবই মজবুত।’ অলরাউন্ডার সৌম্য সরকার বলেন, ‘একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারব।’ 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ৮ জুন ডালাসে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ। পরের ম্যাচ ১০ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউইয়র্কের নাসাও আন্তর্জাতিক কাউন্টি স্টেডিয়ামে। ১৩ জুন কিংসটাউনে নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে বাংলাদেশ। লিগ রাউন্ডে টাইগারদের সর্বশেষ ম্যাচটি হবে ১৭ জুন, নেপালের বিপক্ষে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেবে বাংলাদেশ। হিউস্টনে দুই দলের ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা