প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৪ ২০:৪২ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪ ২০:৫৫ পিএম
অনুপম রয়ের গানের ভাষায় বলা
যায়, ‘গেছে জীবন দুদিকে দুজনারই’। বিসিসিআই ও রাহুল দ্রাবিড়ের সম্পর্কটা ঠিক এমন পর্যায়ে
দাঁড়িয়ে। বোর্ডের ইচ্ছাতেও চুক্তি নবায়নে অনিচ্ছুক দ্রাবিড়। বাধ্য হয়েই নতুন কোচ খুঁজছে
ভারত। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, স্টিফেন ফ্লেমিংকে ভারতের
কোচ হতে প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার (১৫ মে) প্রধান কোচের আবেদন
চেয়ে বিজ্ঞপ্তিও দেয় বিসিসিআই। আবেদন করা যাবে ২৭ মে পর্যন্ত। এ সময় বোর্ড থেকে বলা
হয়, তারা শেষ পর্যন্ত দ্রাবিড়ের জন্য অপেক্ষা করবে। কিন্তু কোচ হতে অপারগতা জানান দ্রাবিড়।
দ্য হিন্দু জানিয়েছে, বিশ্বকাপের
পর দায়িত্ব থেকে সরে যাওয়ার ব্যাপারটি দ্রাবিড় আগেই বিসিসিআইকে জানিয়ে রেখেছেন। সেটি
নাকি মার্চে আইপিএল শুরুর আগেই। এ ব্যাপারে যারা জানতেন, তাদের কাছে জয় শাহর ওই মন্তব্য
তাই বিস্ময় হয়েই এসেছে।
দ্য হিন্দু বলছে, ২০২৩ ওয়ানডে
বিশ্বকাপের পর মেয়াদ বাড়াতে রাজি হলেও আগামী মাসে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের
পর আর থাকতে চান না দ্রাবিড়। এর পেছনে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন সাবেক এ
অধিনায়ক। অন্তত টেস্ট দলের দায়িত্বে আরও বছরখানেক থাকতে নাকি তাকে দলের কয়েকজন সিনিয়র
খেলোয়াড় অনুরোধও করেছিলেন। কিন্তু দ্রাবিড় সিদ্ধান্ত বদলাবেন না।