প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪ ২০:২৪ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪ ২০:৫৩ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন বহু আগেই। মাশরাফি বিন মর্তুজা এখন সংসদ সদস্য। সরকার দলের হুইপ। ব্যস্ততার মাঝেও ক্রিকেটের খোঁজ রাখেন। পরামর্শ দেন, প্রশংসায় ভাসান এবং দুঃসময়ে জোগান সাহস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নাজমুল হোসেন শান্তদের শুভকামনা জানিয়েছেন মাশরাফি।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বুধবার (১৫ মে) নিজের ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘‘সাহস সব সময় গর্জন করে না, শুধু দিন শেষে শান্ত কণ্ঠস্বরে বলে, আগামীকাল চেষ্টা করব। ‘Go and kill it champs’ সব সময় শুভকামনা আমার প্রাণের দেশ, প্রাণের দলের প্রতি বাংলাদেশ।”
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ছাড়াও দলটিতে আছে নেপাল ও নেদারল্যান্ডস। তুলনামূলক সহজ দলে নাজমুল হোসেনরা। বুধবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক শান্ত জানিয়েছেন, এই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রাথমিক লক্ষ্য ‘গ্রুপপর্ব পার হওয়া’।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের মিশন শুরু। দ্বিতীয় ম্যাচ ১০ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ বাংলাদেশের।