প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৪ ১২:৫৮ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪ ১৫:২৯ পিএম
জয়ের নায়ক রাসমাস হজলুন্ডকে নিয়ে সতীর্থদের উল্লাস
কিছুতেই যেন গোলের দেখা মিলছিল না। শত চেষ্টা করেও আসছিল না সাফল্য। অবশেষে দশ ম্যাচ পর গোলের বন্ধ্যত্ব কাটালেন রাসমাস হজলুন্ড। তাতেই ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে দারুণ এক জয় এনে দিলেন। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসলের বিপক্ষে পাঁচ গোলের থ্রিলার ম্যাচ ৩-২ গোলে জিতল ম্যানইউ।
রাসমাস হজলুন্ডের আগে ম্যানইউর হয়ে গোল করেন কোবি মাইনো ও আমাড ডিয়াল্লো। আর সফরকারী নিউক্যাসলের হয়ে গোল দুটি করেন অ্যান্থনি গর্ডন ও লুইস হল।
এ জয়েও যেন সুখ নেই ম্যানইউ শিবিরে। নেই কোনো উচ্ছলতা। রীতিমতো শুধু নিন্দার ঝড় বললে ভুল হবে, হ্যারিকেন বইয়ে যাচ্ছে কোচ এরিক টেন হাগের দলের ওপর দিয়ে। ৩৪ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে থেকে লিগ শেষ করতে যাচ্ছে রেড ডেভিলরা। এখন লিগ পয়েন্ট তালিকায় তারা আছে অষ্টম স্থানে।
মাঠের লড়াইয়ে চলতি মৌসুমে ম্যানইউর পারফরম্যান্স এতটাই বাজে যে উয়েফা কনফারেন্স লিগের টিকিট পেতেও শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। লিগে নিজেদের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ভালো করলেই কেবল তারা কনফারেন্স লিগে পৌঁছানোর দৌড়ে টিকে থাকবে। তাকিয়ে থাকতে হবে নিউক্যাসলের শেষ ম্যাচের রেজাল্টের দিকেও।
ইউরোপা লিগে নাম লেখানোরও সুযোগ রয়েছে ইউনাইটেডের। তার জন্য কোচ এরিক টেন হাগের শিষ্যদের হারাতে হবে দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ প্রিমিয়ার লিগের সম্ভাব্য শিরোপা জয়ী নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে। ২৫ মে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে পেপ গার্দিওলার শিষ্যদের বিরুদ্ধে লড়তে হবে তাদের।