× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবকে ছুঁলেন হাসারাঙা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৪ ২১:৫৮ পিএম

সাকিব আল হাসান ও ওয়ানিন্দু হাসারাঙা

সাকিব আল হাসান ও ওয়ানিন্দু হাসারাঙা

সপ্তাহ দুয়েক পরই পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। মাঠের লড়াই শুরু হতে এখনও অনেকটা সময়ই বাকি। তার আগে মাঠের বাইরে লড়াই জমে গেছে সাকিব আল হাসানের। তার সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়েছেন ওয়ানিন্দু হাসারাঙা। আইসিসির টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিবকে ছুঁয়ে ফেলেছেন লঙ্কান এ তারকা। দুজনই এখন যৌথভাবে রয়েছেন শীর্ষে। 

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন সাকিব। পকেটে পুরেছেন ৫ উইকেট। কিন্তু বিপরীতে হাতের ব্যাট তার কথা শোনেনি। চতুর্থ ম্যাচে ব্যাট হাসাতে না পেরে মাত্র ১ রান নিয়েই ফেরেন সাজঘরে। পঞ্চম ও শেষ ম্যাচে সাকিবের ব্যাটে হাসির ঝিলিক দেখা গেলেও ইনিংস বড় করতে পারেননি। ২১ রানেই থামতে হয়েছে তাকে। বাজে ব্যাটিংয়ের পসরা সাজানোয় তার রেটিং পয়েন্ট কমে ২৩১ থেকে দাঁড়িয়ে ২২৮। লঙ্কান অলরাউন্ডার হাসারাঙার রেটিং পয়েন্টও সাকিবের সমান ২২৮।

ঘরোয়া টুর্নামেন্ট ডিপিএলে প্রস্তুতি সেরে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। প্রায় দশ মাস পর লাল-সবুজের জার্সিতে খেলেন টি-টোয়েন্টি। তার আগে টি-টোয়েন্টি খেলেন আফগানদের বিপক্ষে, ২০২৩ সালের জুলাইয়ে। তখনই তার নামের পাশে ছিল ২৮৮ রেটিং পয়েন্ট। দীর্ঘদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে থাকায় কমে এসেছে তার রেটিং পয়েন্ট।

আইসিসির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা মোহাম্মদ নবীও বেশ কাছাকাছি সাকিব-হাসারাঙার। তাদের থেকে আফগান তারকা মাত্র ১০ রেটিং পয়েন্টে পিছিয়ে। আর বাংলাদেশ সফরে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছেন সিকান্দার রাজা। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে দুই ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে এসেছেন জিম্বাবুয়ে ক্যাপ্টেন।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদেরও। জিম্বাবুয়ে সিরিজের সিরিজসেরা হয়ে তিন ধাপ এগিয়েছেন। তারকা এ পেসার জায়গা করে নিয়েছেন ২৩ নম্বরে। সাকিবের মতো জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টি খেলা মুস্তাফিজুর রহমানেরও পাঁচ ধাপ উন্নতি হয়েছে। তারকা এ বাঁহাতি পেসার নাম লিখিয়েছেন ২৫তম স্থানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা