প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মে ২০২৪ ১৩:০৮ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪ ১৩:৪৬ পিএম
৫ বছরের চুক্তিতে রিয়ালে যাচ্ছেন এমবাপে- দাবি লা লিগা প্রধানের
গত সপ্তাহে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপে। কোথায় যাবেন, সেটি তখন জানাননি তিনি। তবে কয়েকটি মৌসুম ধরেই তাকে কেনার চেষ্টা করেছে রিয়াল মাদ্রিদ। দুই পক্ষই এ বিষয়ে গোপনীয়তা বজায় রেখেছে। এবার অবশ্য লা লিগা প্রধানের ইঙ্গিত মিলে যাচ্ছে, রিয়ালেই যাচ্ছেন ফ্রান্স তারকা।
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছেন এমবাপ্পে। এমনকি সেই চুক্তি যে ৫ বছরের সেটিও বলেছেন তেবাস। আর্জেন্টিনা সফরকালে ওলে পত্রিকায় একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামী মৌসুম থেকে এমবাপে রিয়াল মাদ্রিদের। সে পৃথিবীর সেরা খেলোয়াড়দের একজন। তারা পাঁচ বছরের চুক্তি করলে সে পাঁচ মৌসুম সুযোগ পাবে (চ্যাম্পিয়ন্স লিগ জয়ের)। তবে হ্যাঁ, রিয়ালে ভিনিসিয়ুস ও বেলিংহ্যামও রয়েছেন। মাদ্রিদের দারুণ একটা দল হতে যাচ্ছে।’
২০১৭ সালে এএস মোনাকো থেকে ১৮ কোটি ইউরোয় পিএসজিতে যোগ দেন এমবাপে। ক্লাবটির ইতিহাসে তিনিই সর্বোচ্চ গোলদাতা (২৫৬)। পিএসজির হয়ে পাঁচবার লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাই থেকে গেছে। ২০২০ ফাইনালে হেরেছিলেন বায়ার্ন মিউনিখের কাছে। এরপর চলতি মৌসুমে সেমিফাইনাল থেকে পিএসজিকে বিদায় করে দেয় জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।
চ্যাম্পিয়ন্স লিগে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়ালে যোগ দিয়ে এমবাপে খুব স্বাভাবিকভাবেই ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপাটা জিততে চাইবেন।