প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মে ২০২৪ ১২:৪৯ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪ ১৩:০২ পিএম
ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল। বড় জয় পেল রিয়াল মাদ্রিদ। ছবি : সংগৃহীত
জুড বেলিংহামে শুরু, আর্দা গুলেরে শেষ। মাঝে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল। লা লিগার ম্যাচে দিপোর্তিভ আলাভেসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অতিথিদের ৫-০ গোলে হারিয়েছে রিয়াল কার্লো আনচেলত্তির দল। আগেই লিগ শিরোপা নিশ্চিত করা রিয়ালের এটি ২৯তম জয়। ৩৬ খেলায় এক ম্যাচে পরাজয় এবং বাকি ৬ ম্যাচে ড্র করেছে লস ব্ল্যাঙ্কোসরা। তাতে ৯৩ পয়েন্ট এখন রিয়ালের ঝুলিতে। এক ম্যাচ কম খেলে দুইয়ে বার্সেলোনা। জাভি হার্নান্দেজের দলের পয়েন্ট ৭৬। গতরাতে ভিয়া রিয়ালের বিপক্ষে ১-০ গোলে হারা জিরোনার পয়েন্ট ৭৫। টেবিলে অবস্থান তিনে। ৭০ পয়েন্ট পেয়ে পরের স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন খেলার ১০ মিনিটে প্রথম লিড নেয় রিয়াল। গোল করে দু’হাত গ্যালারির দিকে প্রসারিত করে চেনা উদযাপন করেন বেলিংহাম। প্রথমার্ধে আরও দুই গোল করে বড় জয়ের পথ তৈরি করে ফেলে লস ব্লাঙ্কোসরা।
২৭ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন ব্যালন ডি’অর র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করা ভিনিসিয়ুস। প্রথমার্ধের যোগ করা সময়ে দলের তৃতীয় গোলটি করেন ভালভার্দে।
এরপর ৭০ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনি। মৌসুমে ক্লাবের হয়ে এটি তার ২৩তম গোল। এরপর ৮১ মিনিটে আলাভেসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি খেলোয়াড় হিসেবে নামা তুরস্কের মিডফিল্ডার আর্দা গুলের।