× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাউন্টডাউন : টি ২০ বিশ্বকাপ

শত ছক্কায় নেই বাংলাদেশের কেউ

নাজমুল হক তপন

প্রকাশ : ১৫ মে ২০২৪ ১২:৪৬ পিএম

আপডেট : ১৫ মে ২০২৪ ১২:৪৭ পিএম

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ

টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম আকর্ষণ পাওয়ার হিটিং। আরও সহজ করে বললে, কে কত ছক্কা মারতে পারে তার প্রদর্শনী। আর তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলোর ভাগ্য অনেকাংশেই নির্ভর করে ছক্কাবাজদের ওপর। আর এই জায়গাতেই প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে পিছিয়ে বাংলাদেশ। বলাবাহুল্য, টি-টোয়েন্টি ইতিহাসে একশ ছক্কার মাইলফলকে বাংলাদেশের একজনও নেই।

এখন পর্যন্ত ছোট ফরম্যাটের এই আসরে ছক্কার সেঞ্চুরি করেছেন ১৯ জন। এদের মধ্যে সাতজন খেলবেন এবারের বিশ্বকাপে। তবে ছক্কার সেঞ্চুরির ধারেকাছে নেই কোনো টাইগার ব্যাটার। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার মালিকানা বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মার। এবারের বিশ্বকাপে ছক্কার ডবল সেঞ্চুরির সুযোগ তার সামনে। ছোট সংস্করণের এই ক্রিকেটে এখন পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ১৯০টি ছক্কা।

শত ছক্কার অর্জন নিয়ে এই বিশ্বকাপে খেলবেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (১২৭), আয়ারল্যান্ডের পল স্টারলিং (১২৫), ভারতীয় রান মেশিন বিরাট কোহলি (১১৭), ক্যারিবীয় হার্ডহিটার নিকোলাস পুরান (১১৬), কিলার মিলারখ্যাত দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার (১০৯) ও আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি (১০৫)। 

আসন্ন বিশ্বকাপে শত ছক্কার খুব কাছাকাছি আছেন পাপুয়া নিউগিনির টিপি উরা (৯৫), আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরান (৯৫), নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস (৮৮) , উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল (৮৭), প্রোটিয়া রান মেশিন কুইন্টন ডি কক (৮৬) ও পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ান (৮৬)।

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা হলেও এবারের আসরে যে বাংলাদেশের কারও পক্ষেই ছক্কার সেঞ্চুরি পাওয়া সম্ভব নয়, সেটা বলেই দেওয়া যায়। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের হয়ে সর্ব্বোচ্চ ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ব্যাট থেকে এসেছে ৭০টি ছক্কা। সেঞ্চুরির জন্য আরও ৩০টি ছক্কা মারতে হবে মাহমুদউল্লাহকে। যেটা আসলে অসম্ভব একটা ব্যাপার।

প্রতিটা বিশ্বকাপেই ছক্কা মারার প্রবণতা ঊর্ধ্বমুখী। তারপরও এক আসরে ৩০ ছক্কা মানে অতিলৌকিক কিছু করে দেখানো। সর্বশেষ ২০২৩ সালের আসরে ৩১টি ছক্কা হাঁকিয়ে বড় দৃষ্টান্তই গড়েন রোহিত। গত আসরে বিশ বা তার চেয়েও বেশি ছক্কা মারেন ওয়ার্নার (২৪), শ্রেয়াশ আয়ার (২৪), ড্যারিল মিচেল (২২), ম্যাক্সওয়েল (২২), ডি কক (২১), মিচেল মার্শ (২১) ও ডেভিড মিলার (২০)। এই সাতজনের মধ্যে একমাত্র আয়ার ছাড়া বাকিরা খেলবেন এবারের টুর্নামেন্টে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত খেলে যাচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা আর বাংলাদেশের সাকিব আল হাসান। এই আসরের সর্ব্বোচ্চ উইকেট সংগ্রহকারী সাকিব। আর রান সংগ্রহের দিক থেকে আছেন আট নম্বরে। তবে ছক্কায় বেশ পিছিয়ে তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের ব্যাট থেকে এসেছে ৫১টি ছক্কা। 

পাওয়ার হিটিং অর্থাৎ ছক্কা মারার দুর্বলতা টাইগার ব্যাটাররা কতটা কাটিয়ে উঠতে পারে, সেটিই এখন দেখার ব্যাপার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা