× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টটেনহামকে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছে ম্যানসিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৪ ১১:০২ এএম

আপডেট : ১৫ মে ২০২৪ ১১:২৮ এএম

হাল্যান্ডের জোড়া গোলেই জিতল ম্যানসিটি। ছবি : সংগৃহীত

হাল্যান্ডের জোড়া গোলেই জিতল ম্যানসিটি। ছবি : সংগৃহীত

গেল মে’র ৫ তারিখ উলভারহাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৪ গোল করেছিলেন আর্লিং হাল্যান্ড। তার আগের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১ গোল। কিন্তু আর্সেনাল, অ্যাস্টন ভিলা, এমনকি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় রিয়াল মাদ্রিদের বিপক্ষেও গোল পাননি এ নরওয়েজিয়ান। বড় ম্যাচে গোল পান না বলে সমালোচনা শুনতে হয়েছে তাকে। অবশেষে পারফরম্যান্স দিয়েই সেসবের জবাব দিয়েছেন ম্যানসিটি ফরোয়ার্ড। টটেনহাম হটস্পারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার জোড়া গোলেই জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ম্যাচটি ২-০ গোলে জিতেছে ম্যানসিটি। ২টি গোলই হয়েছে খেলার ‍দ্বিতীয়ার্ধে, করেছেন হাল্যান্ড। এ মাঠে আগের চারটি লিগ ম্যাচের সবকটিতে হেরেছিল ম্যানসিটি। লিগ শিরোপা নির্ধারণের আগে খুব গুরুত্বপূর্ণ সময়েই এ খরা কাটাল সিটিজেনরা।

এ নিয়ে ৩৭ ম্যাচে ২৭ জয় ও ৭ ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল ম্যানসিটি। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। দুই দলেরই ম্যাচ বাকি একটি করে। শেষ ম্যাচে ম্যানসিটির প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম ইউনাইটেড। আর আর্সেনাল মৌসুমের শেষ ম্যাচটি খেলবে এভারটনের বিপক্ষে। শিরোপাপ্রত্যাশী দুই দলই তাদের শেষ ম্যাচটি খেলবে নিজেদের হোম ভেন্যুতে।

এদিন খেলার ৫২ মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলমুখে বাড়ানো বল পায়ের টোকায় জালে জড়ান হাল্যান্ড। নিজের দুর্দান্ত পজিশনিং সেন্সের প্রমাণ এ ম্যাচে আবারও দিয়েছেন তিনি। এরপর ম্যাচে ফেরার সুযোগ আসে টটেনহামের সামনে। ৮৬ মিনিটে সিটির বদলি গোলরক্ষক স্টেফান ওরতেগাকে একা পেয়ে যান হিউন-মিন সন। কিন্তু টটেনহামের কোরিয়ান তারকা শট নেন সোজাসুজি, এগিয়ে আসা ওরতেগা এক পা বাড়িয়ে গোল আটকান। কাতার বিশ্বকাপে এমিলিয়ানো মার্তিনেজের সেই গোল সেভকেই যেন স্মরণ করিয়ে দিলেন ওরতেগা।

এরপর ৯১ মিনিটে পেনাল্টি পায় ম্যানসিটি। জেরেমি ডকুকে পেদ্রো পোরো বক্সের ভেতরে ফেলে দিলে পেনাল্টি পায় গার্দিওলার শিষ্যরা। স্পটকিক কাজে লাগাতে ভুল হয়নি হালান্ডের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা