প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৪ ২২:২৭ পিএম
ইয়ুর্গেন ক্লপ
গোলপোস্টের অতন্দ্র প্রহরী গোলরক্ষক ছাড়া আর কে? প্রতিপক্ষের ফুটবলারদের গোল প্রচেষ্টা রুখে দেওয়া তার মূল দায়িত্ব। কিন্তু সেসব ভুলে গোলকিপারও মাঝেমধ্যে আত্মহননের পথ বেছে নেন। তবে সেটা অবশ্য ঘটে ভুলে বা পরিস্থিতির বাধ্যবাধকতায়।
ইংলিশ প্রিমিয়ার লিগে একটি আত্মঘাতী গোল করেছেন, এমন গোলরক্ষক রয়েছে অনেক। দুটি করে আত্মঘাতী গোল রয়েছে ১১ জনের। তবে তাদের ছাড়িয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়ে ফেলেছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ তারকা ফুটবলার আত্মঘাতী হয়েছেন তিনবার!
ম্যাচের বয়স তখন দুই মিনিট পুরো হয়নি। ভিলা পার্কে লড়াই গড়িয়েছে ১ মিনিট ৪৮ সেকেন্ডের মতো। মোহাম্মদ সালাহর কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত থেকে আড়াআড়ি শট নেন লিভারপুলের উইঙ্গার হার্ভি এলিয়ট। বল সোজা চলে যায় মার্তিনেজের দিকে। অ্যাস্টন ভিলার গোলরক্ষক বল ধরতে পারেননি। বল রুখতে উঠেপড়ে লেগেছিলেন। তাড়াহুড়োয় ভুলবশত আর্জেন্টাইন তারকার ডান হাতের ধাক্কায় বল আশ্রয় নেয় জালে।
প্রথম গোলরক্ষক হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে তিনটি আত্মঘাতী গোল করার লজ্জার নতুন মাইলফলক গড়েন মার্তিনেজ। তাতেই দ্য রেড শিবির লিড নেয় ১-০ গোলে। পরে ফুটবলপ্রেমীরা ম্যাচে গোল দেখেছেন আরও পাঁচটি। বাতিলের খাতায়ও উঠেছে কয়েকটি গোল। তবে ছয় গোলের থ্রিলার ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠ থেকে ৩-৩ গোলের ড্রয়ের হতাশা নিয়ে ফিরেছে অতিথি লিভারপুল।
চার মিনিটের ব্যবধানে লিভারপুলের জালে বল জড়ায় তিনবার। তবে ৮৫-৮৮ মিনিটের মধ্যে কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা গোল খেয়েছে দুটি। অ্যানফিল্ডের কোচ হিসেবে নিজের শেষ অ্যাওয়ে ম্যাচটি জয়ে রাঙাতে পারলেন না এ জার্মান।
চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন ক্লপ। দ্য রেড শিবিরের হয়ে শেষ সফরে সমর্থকদের অভিবাদনে আপ্লুত হলেন এ ফুটবল গুরু। এমনকি অ্যাস্টন ভিলার অনুসারীরাও সম্মান জানিয়েছেন তাকে। জবাবে ভক্তদের ভালোবাসায় সিক্ত করে এ জার্মান কোচ বলেন, ‘আমি জানি, এটাই শেষবার। তবে ঠিক ওইরকম কিছু মনে হচ্ছে না। অ্যাওয়ে সমর্থকরা বরাবরই পুরোপুরি পাগলাটে ছিল। তারা কীভাবে কী করেছে, কোথায় ছিল, আমরা বছরজুড়ে তাদের অনেক ভ্রমণ করিয়েছি। চমৎকার একটি সম্পর্ক এটি।’
অ্যাস্টন ভিলার হয়ে জন ডুরানের জোড়া গোলের সঙ্গে একটি গোল করেন ইউরি তিয়েলেম্যানস। আর মার্তিনেজের ‘উপহার’-এর সঙ্গে গোল করেন কোডি গ্যাপকো ও জারেল আমোরিন কোয়ানসাহ। ৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। সমান ম্যাচে ৬৮ পয়েন্টের সংগ্রহ নিয়ে চারে রয়েছে অ্যাস্টন ভিলা।
৩৭ খেলায় ৮৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে কোচ মিকেল আর্তেতার আর্সেনাল। এক ম্যাচ কমে খেলে এক পয়েন্টে পিছিয়ে দুইয়ে আছে কোচ পেপ গার্দিওলার ম্যানসিটি।