প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৯:৪৮ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১৯:৫৯ পিএম
সবশেষ জিম্বাবুয়ে সিরিজের দলে ছিলেন
না হাসান মাহমুদ। ঘরের মাঠে ওই সিরিজে প্রথম তিন ম্যাচের দলে থেকে খেলার সুযোগ পাননি
আফিফ হোসেন ধ্রুবও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মূল স্কোয়াডে জায়গা হয়নি
তাদের। তবে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে টাইগার শিবিরে থাকবেন তারা। তার আগেই অবশ্য মাঠে
নামার সুযোগ রয়েছে হাসান ও আফিফের। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আসন্ন সিরিজে
খেলবেন এই দুই ক্রিকেটার।
২ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের
নবম আসর। মারকাটারি এই টুর্নামেন্টে মাঠে নামার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বকাপের
সহ-আয়োজক মার্কিনিদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। হিউস্টনে যুক্তরাষ্ট্রের
বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৫ মে।
কিন্তু শরীরের ডান পাশে চোট পেয়ে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন
পেসার তাসকিন আহমেদ। তবে টিম ম্যানেজমেন্টের আশা বিশ্বকাপে ঠিকই তাসকিন ফিরবেন সুস্থ
হয়ে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে মিরপুরে তাসকিনের চোট নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘সে (তাসকিন) যদি খেলতে না পারে, তাহলে বিসিবি তাদের নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না। যদি সে কোনো কারণে না খেলে, তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে। আশা করি, এমন কিছু না হোক।’
এদিকে তাসকিনের অনুপস্থিতিতে হাসান
ও আফিফ যুক্তরাষ্ট্র সিরিজে মাঠে নামার সুযোগ পাবেন, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি, ‘রিপোর্টে
যা বলা হয়েছে তাতে আমার মনে হয় না যুক্তরাষ্ট্র সিরিজে তাসকিন খেলতে পারবেন। দলের সঙ্গে
যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন তারা সেখানে খেলার সুযোগ পাবেন যুক্তরাষ্ট্র অংশে (সিরিজে)।’