টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৭:৫৭ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১৮:০৮ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ; প্রবা ছবি
চোটের সঙ্গে লড়ছেন তাসকিন আহমেদ। যে
কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি
সিরিজ মিস করতে যাচ্ছেন তিনি। মার্কিনিদের বিপক্ষে খেলতে না পারলেও টাইগারদের বিশ্বকাপ
স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ডানহাতি এ পেসার। তা-ও আবার শুধুই
একজন খেলোয়াড় হিসেবে নয়, দলের সহ-অধিনায়ক হিসেবেই বিশ্বকাপ দলে আছেন ২৯ বছর বয়সি এ স্পিডস্টার।
আজ মঙ্গলবার (১৪ মে) মিরপুর শেরেবাংলা
জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড
ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় অধিনায়ক নাজমুল হোসেনের
ডেপুটি হিসেবে তাসকিনকে রেখে দল ঘোষণা করেন তিনি।
তাসকিনকে সহ-অধিনায়ক করার একটা ব্যাখ্যাও
দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। তার কথা, ‘এটা বিসিবির সিদ্ধান্ত। তিনি
আরেক প্রজন্মের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি বিভাগের নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে
জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে। সে জন্য তাকেই হয়তো প্রত্যাশিত প্রার্থী মনে হয়েছে।’
আগামী ২ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। মারকাটারি এ আসরে সুস্থ অবস্থায় তাসকিনকে পাওয়ার আশা নির্বাচকদের, ‘যতটুকু তথ্য আছে, সেটা হলো বিশ্বকাপ চলাকালীন সময়ে সে সুস্থ হয়ে উঠবে। আপনারা জানেন যে এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে ওঠেন, তাহলে ভালো। আর না হলে পরিবর্তন করা যাবে। তবে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না।’