প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১২:৪৪ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১৩:২৪ পিএম
বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। তিনি এমন তারকাখ্যাতি এমনি এমনি পাননি। মাঠে সব সময় নিজের সবটুকু উজাড় করে দিয়ে খেলেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করতে মরিয়া সাকিব। তাই পুরো দলের ক্রিকেটাররা যখন বিশ্রামে সময় কাটাচ্ছেন তখন সাকিব ছুটে এসেছেন মিরপুরে।
আজ মঙ্গলবার (১৪ মে) সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। দুজন থ্রোয়ার নিয়ে তিনি শান দিচ্ছেন পাওয়ার হিটিংয়ের। সাকিবের এ অনুশীলনে আছেন প্রবীণ কোচ নাজমুল আবেদীন ফাহিম। খেলোয়াড় সাকিব বেশ অনেক আগে থেকেই নিজের ব্যক্তিগত পরামর্শের জন্য ছেলেবেলার কোচ ফাহিমের দ্বারস্থ হন।
সাকিব নিজের ব্যাটিং ভুলগুলো নিয়েই কোচ ফাহিমের সঙ্গে কাজ করছেন তিনি। নেটের বাইরে থেকে সেই ভুলগুলো নিয়েই সাকিবকে দেখিয়ে দিচ্ছেন ফাহিম। ২০২৩ বিশ্বকাপের মাঝপথেও নিজের ব্যাটিং ঠিক করতে দেশে ফিরেছিলেন সাকিব। সেবারও এই কোচ ফাহিমের অধীনেই নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন। এবারেও বিশ্বকাপের আগে সেই ফাহিমের অধীনেই নিজের ভুলগুলো নিয়ে কাজ করছেন তিনি।
বেশ কিছুদিন ধরেই নিজের ব্যাটিং নিয়ে ভুগছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সময় থেকেই অফফর্মে তিনি। চোখের সমস্যার কথাও জানা গিয়েছে। এরপর থেকেই নিজের মাথার পজিশন বদলে ব্যাটিংয়ে অভ্যস্থ হতে সময় নিয়েছেন। মাঝে বিপিএলে রান পেলেও, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে করেছেন ২২ রান।
বিশ্বকাপে নিজের সেরাটা নিঙড়ে দিতে এর আগেও এমন একাকী অনুশীলন করেছিলেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ শেষেই ব্যাটিং অনুশীলন করেছিলেন। এবার বিশ্বকাপের দল ঘোষণার আগেও চলছে তার ব্যাটিং অনুশীলন।