প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মে ২০২৪ ১১:৩৯ এএম
আপডেট : ১৩ মে ২০২৪ ১১:৫৭ এএম
১-০ গোলে জিতেছে আর্সেনাল। ছবি : এক্স
যেটুকু আশা বেঁচে ছিল, সবটুকু হারিয়ে গেল—এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড এমন আফসোস করতেই পারে। প্রিমিয়ার লিগে আরেকটি হারের লজ্জা পেয়েছে রেড ডেভিলরা, ইউরোপীয় কোনো আসর থেকে তাতেই ছিটকে গেছে। আপাতত ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষ দখল করেছে আর্সেনাল। লিগ শিরোপার ইঁদুর দৌড়ে ম্যানচেস্টার সিটির ভুল করার অপেক্ষায় গানার্সরা।
রবিবার রাতে লিগে ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ ব্যবধানের জয় আনে আর্সেনাল। লিয়ান্দ্রো ট্রোসার্ড গানারদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন। বেলজিয়ামের ফরোয়ার্ডের ওই ১ গোলেই জয় নিশ্চিত করে দলটি। তাতেই টেবিলে আবারও শীর্ষে ফেরে আর্সেনাল।
প্রিমিয়ার লিগ টেবিলের হিসাব বলছে, ৩৭ ম্যাচে ২৭ জয় ও ৫ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৮৬। শিরোপা লড়াইয়েও পৌঁছে গেছে শেষ রাউন্ডে। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ২ পয়েন্ট কম নিয়ে নেমে গেছে দুইয়ে। তিনে লিভারপুল, চারে অ্যাস্টন ভিলা। লিগ জেতার দৌড়ে তারা বাদ পড়েছে বেশ আগে।
চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই আগামী মৌসুমে উয়েফা কনফারেন্স লিগে খেলার আশা আরও ফিকে হয়ে গেল ইউনাইটেডের। ৩৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে প্রিমিয়ার লিগের সফলতম দলটি।