প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মে ২০২৪ ১১:২১ এএম
আপডেট : ১৩ মে ২০২৪ ১১:৪৯ এএম
জাদেজা এমন অদ্ভুত আউট মানতে পারছেন না। এক্স
অমিত মিশ্র, ইউসুফ পাঠানের পর রবীন্দ্র জাদেজা—যেভাবে আউট হতে কেউ চান না, আইপিএলে সেই অদ্ভুত আউটের শিকার হয়েছেন এ তিনজন। পাঁচ বছর পর ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট দেখেছে ফ্রাঞ্চাইজি আসরটি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ের ম্যাচে ইচ্ছাকৃতভাবে বলের গতিপথ রুখে দিয়ে আউট হয়েছেন চেন্নাই সুপার কিংসের জাদেজা।
গতকাল রবিবার চেন্নাইয়ের ইনিংসের ১৬তম ওভারে অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের ঘটনা ঘটে। রাজস্থান পেসার আভেশ খানের পঞ্চম বলটি থার্ড ম্যান অঞ্চলে ঠেলে রান নিতে দৌড় দেন জাদেজা। প্রথম রান সম্পন্ন করে দ্বিতীয় রান নেওয়ার আগেই বল উইকেটরক্ষকের হাতে চলে যায়।
জাদেজা নন স্ট্রাইক প্রান্তে ফিরতে চেষ্টা করেন। তার প্রান্তে স্টাম্প নিশানা করে বল ছোড়েন উইকেটরক্ষক সাঞ্জু স্যামসন। জাদেজা ইচ্ছাকৃতভাবে আটকে দেন বলের গতিপথ। সঙ্গে সঙ্গেই আউটের আবেদন করে রাজস্থান।
তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন। তা মানতে পারছিলেন না জাদেজা। আম্পায়ারকে কিছু একটা বোঝাতে চেয়েছেন। তবে রিপ্লেতে স্পষ্ট ছিল জাদেজা ইচ্ছাকৃতভাবেই আটকে দেন বলের গতিপথ। ব্যতিক্রমী আউট হয়ে ৭ বলে ৫ রানে থামেন জাদেজা। তবে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি জিতেছে চেন্নাই।