প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪ ১১:০৮ এএম
রাজার ব্যাট গতকাল হেসেছিল, জয় পেয়েছে জিম্বাবুয়েও— ছবি: আ. ই. আলীম
সিরিজজুড়ে ভুগেছে জিম্বাবুয়ের টপ অর্ডার। রান আসেনি, ধসে পড়েছে। শেষের দিকের ব্যাটাররা হাল ধরলেও জয়টা আসেনি। ফলও হয়েছে সফরকারীদের জন্য তিক্ত। তবে টানা চার হারের পর পঞ্চম ম্যাচে পাওয়া বড় জয়টি সিকেন্দার রাজাদের জন্য বড় স্বস্তির। জিম্বাবুয়ের অধিনায়কের তবে আফসোস, অনেক কিছু ঠিকঠাক হলে জয়ের সংখ্যা বাড়তে পারত।
জিম্বাবুয়ের শেষের দিকের ব্যাটাররা বাংলাদেশের বোলারদের বেশ ভুগিয়েছেন। টপ অর্ডার ব্যাটাররা সেভাবে ধারাবাহিক হতে পারছিলেন না। সিরিজের শেষ ম্যাচে জ্বলে ওঠেন ব্রায়ান ব্রেনেট, সিকান্দার রাজা। খুনে ব্যাটিংয়ে দুজনই পান ফিফটি। এক সাকিব আল হাসান বাদে অন্য বোলারদের এলোমেলো বোলিংয়ে আসে ৮ উইকেটের জয়। হতাশার সিরিজে স্বস্তির জয়ও জিম্বাবুয়ের। একই সঙ্গে সফরকারীরা এড়িয়েছে ধবলধোলাই।
তবে রাজা ভাবছেন ভিন্ন কিছু। বেশ কিছু ক্লোজ ম্যাচ হেরে যাওয়ায় আফসোস জিম্বাবুয়ে অধিনায়কের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হেসেখেলে জেতে বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে জয় এলেও বেশ ভুগেছে। জয়ের ব্যবধান ছিল ৯ ও ৫ রানে। পরাজয়ের ব্যবধানটাই বলে দিচ্ছে জিম্বাবুয়ে জয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল। গতকাল রবিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজা বলেন, ‘জয় দিয়ে শেষ করতে পেরে ভালো লাগছে। আরও দুয়েকটা ম্যাচ আমরা জিততে পারতাম।’
ধবলধোলাই এড়ানোর ম্যাচে আজ রাজা ৪৬ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মেরেছেন ৬ চার ও ৪ ছক্কা। পাঁচ ম্যাচ মিলে তবুও ৯৩ রান করেছেন রাজা। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনবার। তাতেই নাখোশ তিনি, তবে তবুও মাথা উঁচু করে দেশে ফেরার কাজটি করেছেন নিজে সামনে থেকে, ‘অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমার অবদানটাই শুধু বাকি ছিল। অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। এখন আমার মাথা উঁচু রাখতে পারব।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জোনাথন ক্যাম্পবেলের। ব্রায়ান বেনেট জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক (১৩৫ রান)। তানজিদ হাসান তামিম (১৬০ রান), তাওহিদ হৃদয়ের (১৪০ রান) পর সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান শেষ ম্যাচের সেরা ক্রিকেটারের। তরুণ ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেছেন রাজা, ‘তরুণ ক্রিকেটাররা যেভাবে খেলেছে, তাতে আমি খুবই সন্তুষ্ট। এই দলে আমাদের ভবিষ্যৎ রয়েছে। এই তরুণরা জিম্বাবুয়ে ক্রিকেটকে এগিয়ে নেবে।’