× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ের ছন্দে মেসি-সুয়ারেজরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৪ ২১:৫৮ পিএম

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ

লড়াইয়ে দলের সঙ্গী হলেন। মাঠেও নামলেন। কিন্তু লিওনেল মেসিকে যেন খুঁজে পাওয়া গেল না। ম্যাচের পুরো ৯০ মিনিট একাদশে ছিলেন। তবে গোলের দেখা পেলেন না। এমনকি সতীর্থদের গোলেও রাখতে পারলেন না অবদান। তারপরও মেজর লিগ সকারে (এমএলএস) জয়ের ধারা অব্যাহত রাখল ইন্টার মিয়ামি।

আর্জেন্টাইন ফুটবল জাদুকর দ্যুতি ছড়াতে না পারলেও মাঠে নিজের অবস্থান ঠিকই জানান দিয়েছেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের তারকা এ স্ট্রাইকার নিজে গোল দিয়েছেন। সতীর্থদের রেখেছেন উজ্জীবিত। তাতেই মন্ট্রিলের ঘরের মাঠে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখেছে মিয়ামি। পাঁচ গোলের থ্রিলার ম্যাচ ৩-২ গোলে জিতেছে ডেভিড বেকহ্যামের দল।

সুয়ারেজ গোল করে শুধু মিয়ামিকেই জেতাননি; এমএলএসে সর্বোচ্চ গোল স্কোরিংয়ের তালিকায় বন্ধু মেসিকেও ছাড়িয়ে গেছেন। তবে ম্যাচের শুরুটা অত সুখের ছিল না মিয়ামির জন্য। কেননা নিজেদের মাঠে ২-০ গোলে লিড নিয়ে ফেলেছিল মন্ট্রিল। তবে ৩-২ গোলে শেষ হাসি হাসে ফ্লোরিডার ক্লাবই।

সুয়ারেজের আগে মিয়ামির জার্সিতে একটি গোল শোধ করেন মাতিয়াস রোহাস। পরে দলকে সমতায় ফেরান সুয়ারেজ। ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হওয়ার এক মিনিট আগে জয়সূচক গোল উপহার দিয়ে অতিথি মিয়ামিকে খুশির উচ্ছ্বাসে ভাসান বেঞ্জামিন ক্রিমাশ্চি।

শুরুতে গোল হজম করে ব্যাকফুটে চলে যাবে এবং পরে গোল করে ঠিকই জয় ছিনিয়ে নেবেÑ চলতি মৌসুমে এটা যেন মিয়ামির জন্য রীতি হয়ে দাঁড়িয়েছে। এমএলএসে নিজেদের আগের ম্যাচেও একই ঘটনা ঘটিয়েছিল মেসির দল। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে পিছিয়ে ছিল তারা। এক গোলে পিছিয়ে থাকলেও গোল উৎসব করে ম্যাচটি মিয়ামি জিতে নেয় ৬-২ ব্যবধানে।

আজ রবিবার ভোরেও সেই চিত্রনাট্যই মঞ্চস্থ করল কোচ জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। ৩২ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও মেসি-সুয়ারেজরা উল্লাসে মাতে ৩-২ গোলে ম্যাচ শেষ করে।

গোল খেয়েই আক্রমণে ধার বাড়ায় সফরকারী মিয়ামি। আক্রমণ-পাল্টা আক্রমণে শত্রুপক্ষ মন্ট্রিলকে নাজেহাল করে ছাড়ে। একটু সময় নিলেও তার ফল মেলে। প্রথমার্ধ শেষের বাঁশি বাজার এক মিনিট আগে বাঁ-পায়ের দুরন্ত এক ফ্রি-কিকে মন্ট্রিলের জাল কাঁপান মাতিয়াস রোহাস। প্রথমার্ধের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে নির্ভুল নিশানায় লক্ষ্য ভেদ করেন সুয়ারেজ।

মার্কিন লিগে এটি সুয়ারেজের ১১তম গোল। দশ গোল নিয়ে তার পরে দ্বিতীয় স্থানে নেমে গেছেন কাতার বিশ্বকাপজয়ী মেসি। রেকর্ড অষ্টমবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে টপকে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা এখন সুয়ারেজ। ৫৯ মিনিটে মিয়ামিকে আনন্দের বন্যায় ভাসান বেঞ্জামিন ক্রিমাশ্চি।

রোমাঞ্চকর এ জয়ে ১৩ ম্যাচ শেষে ২৭ পয়েন্টের পুঁজি নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে রয়েছে মিয়ামি। ওয়েস্টার্ন কনফারেন্সের সঙ্গে বিচারেও সবার ওপরেই রয়েছেন মেসি-সুয়ারেজরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা