প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৪ ২১:২২ পিএম
আপডেট : ১১ মে ২০২৪ ২১:৪২ পিএম
ফাইল ছবি
মাঠে গড়ানোর অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আগামী ২ জুন
থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে মারকাটারি এ টুর্নামেন্ট।
আইসিসির মেগা এ ইভেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণ করবে ২০টি দল। ইতোমধ্যে বিশ্বকাপে
অংশগ্রহণ করা প্রায় সব দেশ নিজেদের দল ঘোষণা করেছে।
অবশ্য এখনও বাংলাদেশ তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেনি। গুঞ্জন রয়েছে, রবিবার (১২ মে) আসন্ন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে পারেন বিসিবির নির্বাচক
প্যানেল। এমনই ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে
তিনি খুব ছোট একটা ‘যদি-কিন্তু’ রেখে দিয়েছেন।
লিপু বলেন, ‘সবকিছু চূড়ান্ত, এখন ক্রিকেট অপরারেশন্সের সবুজসংকেত
পেলেই আমরা দল দেব। আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি। কাল (আজ) ম্যাচ শেষে বিকালের দিকে
হয়তো ঘোষণা করব, যদি আমাদের নির্দেশ দেওয়া হয়।’
বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা না করলেও মূল আনুষ্ঠানিকতা আগেই
সেরে ফেলেছে। গত ১ মে ছিল আইসিসির কাছে দল পাঠানোর শেষ সময়। নির্ধারিত সেই সময় মেনে
আইসিসির কাছে দল পাঠিয়েছে বাংলাদেশ। অবশ্য আগামী ২৫ মে পর্যন্ত সেই দলে পরিবর্তন আনতে
পারবে বিসিবি। এরপর থেকে পরিবর্তনের জন্য আইসিসির অনুমতি লাগবে।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে আছে
শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৭ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার
বিপক্ষে লড়বে বাংলাদেশ। এরপর ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৬ জুন
নেপালকে মোকাবিলা করবে লাল-সবুজ জার্সিধারীরা।