প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মে ২০২৪ ১৩:১৬ পিএম
বাংলাদেশ ক্রিকেট দল। প্রবা ফটো
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এই বছরের নভেম্বরে উইন্ডিজ সফর করবে বাংলাদেশ, এটা আগে থেকেই জানা ছিল। বাকি ছিল শুধু কবে দুই দলের পূর্ণাঙ্গ সিরিজটি শুরুর দিনক্ষণ। গতকাল শুক্রবার সেটিও জানিয়ে দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
টেস্ট ম্যাচ দিয়ে দ্বিপক্ষীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। ক্যারিবিয়ান সফরে এবারও দুটি টেস্ট খেলবে টাইগার বাহিনী। এ ছাড়া সমান তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। আগের সফরে উইন্ডিজকে ওয়ানডেতে ধবলধোলাই করে বাংলাদেশ। তবে বাকি দুই সংস্করণে হেরে যায় টাইগাররা।
সবশেষ সফরের মতো এবারও অ্যান্টিগায় প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথমটি শুরু হবে ২২ নভেম্বর। আর দ্বিতীয় টেস্ট জ্যামাইকায় শুরু হবে ৩০ নভেম্বর। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
টেস্ট সিরিজ শেষেই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। প্রথম ওয়ানডে ৮ ডিসেম্বর, বাকি দুটি ১০ ও ১২ ডিসেম্বর। ওয়ানডের সব ম্যাচ সেন্ট কিটসে।
এরপর টি-টোয়েন্টি দিয়ে সিরিজের সমাপ্তি টানা হবে। শর্টার ফরম্যাটের সিরিজের প্রথমটি ১৫ ডিসেম্বর। দ্বিতীয়টি হবে ১৭ ডিসেম্বর। ১৯ ডিসেম্বরে তৃতীয় তথা শেষ ম্যাচ দিয়ে সফর শেষ হবে। সংক্ষিপ্ত সংস্করণের সব ম্যাচ সেন্ট ভিনসেন্টে।