প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মে ২০২৪ ১২:৪১ পিএম
এন্দ্রিককে নিয়ে ব্রাজিলের কোপা আমেরিকা দল। ছবি : সংগৃহীত
সবশেষ দুই ম্যাচে জাতীয় দলের হয়ে দারুণ খেলেছেন এন্দ্রিক। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতে নাতেই পেলেন এই তরুণ। সম্ভাবনাময়য়ী এই ফরোয়ার্ডকে নিয়ে কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। দলে জায়গা হয়নি অভিজ্ঞ ক্যাসেমিরোর। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে চলতি মৌসুমে সাদামাটা পারফরম্যান্সের জন্যই তিনি বাদ পড়েছেন বলে ধারণা অনেকের।
কোপা আমেরিকা পুনরুদ্ধারের অভিযানের জন্য শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন দরিভাল। ব্রাজিলের স্কোয়াডে ক্যাসেমিরো ছাড়াও জায়গা হয়নি আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস ও টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড রিচার্লিসনদের। টটেনহাম তারকা অবশ্য পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি। রিচার্লিসন পেশিতে চোট পেয়েছেন বলে জানিয়েছেন দরিভাল।
হাঁটুর চোটের কারণে অনেক আগে থেকেই মাঠের বাইরে আছেন নেইমার। খুব স্বাভাবিকভাবেই আসছে টুর্নামেন্টের দলে নেই আল হিলালের এই ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদকে লা লিগা জেতানো ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো জুটির কাঁধে থাকবে ব্রাজিলের আক্রমণভাগের ভার।
আগামী ২০ জুন শুরু হবে এবারের কোপা আমেরিকা। তার আগে ৮ জুন মেক্সিকোর বিপক্ষে এবং চার দিন পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আসরের যাত্রা শুরু হবে ব্রাজিলের। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া।
ব্রাজিল দল
গোলকিপার: আলিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আথলেতিকো-পিআর)
ডিফেন্ডার: দানিলো (ইউভেন্তুস), ইয়ান কুতো (জিরোনা), গিলেরমো আরানা (আতলেতিকো-এমজি), ওয়েন্দেল (পোর্তো), বেরাল্দো (পিএসজি), মার্কিনিয়োস (পিএসজি), গাব্রিয়েল (আর্সেনাল), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ)
মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল ইউনাইটেড), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), জোয়াও গোমেস (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), লুকাস পাকেতা (ওয়েস্টহ্যাম ইউনাইটেড)
ফরোয়ার্ড: এন্দ্রিক (পালমেইরাস), গাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), এভানিলসন (পোর্তো), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), সাভিনিয়ো (জিরোনা)