প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৪ ২৩:০৭ পিএম
আপডেট : ১০ মে ২০২৪ ২৩:১৮ পিএম
খুশির জোয়ারে ভাসছেন লেভারকুসেন কোচ জাবি আলোনসো
বুন্দেসলিগা শিরোপা আগেই নিশ্চিত করে রেখেছে। বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে উৎসবে মেতেছে বায়ার লেভারকুসেন। জার্মান কাপের ফাইনালের টিকিট তো কেটেছে আরও আগে। এবার নতুন মাইলফলক গড়ে ইউরোপা লিগের ফাইনালেও নাম লিখল রূপকথার গল্প লিখে যাওয়া জার্মান ক্লাবটি।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম লিগ চ্যাম্পিয়ন দল হিসেবে ট্রেবল জয়ের সামনে দাঁড়িয়ে এখন আলোনসোর দল। স্প্যানিশ কোচও আশার বাণীই শুনিয়েছেন ভক্ত-সমর্থকদের, ‘এখন আমরা এক সপ্তাহের মধ্যে দুটি ফাইনাল খেলব। আজ ওদের (রোমার) দ্বিতীয় গোলের পর আমরা নিজেদের চরিত্র দেখাতে পেরেছি। আমি আমার ছেলেদের চোখের দিকে তাকিয়ে দেখেছি, ওরা আরও চায়। আমাদের এখনও তিনটি ট্রফি জেতার সুযোগ আছে। আমার ছেলেরা তিনটিই জেতার যোগ্য।’
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ইউরোপা লিগের সেমিফাইনালের ফিরতি লেগে এএস রোমার সঙ্গে ২-২ গোলে হোঁচট খেলেও অপরাজিত থাকার রেকর্ডটা ঠিকই অটুট রেখেছে লেভারকুসেন। এ নিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে টানা ৪৯ ম্যাচে অজেয় থাকার কীর্তি গড়ল 'নেভারলুসেন'।
ইতিহাস গড়ে লেভারকুসেন পেছনে ফেলেছে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে। ভেঙ্গে দিয়েছে তাদের ৪৮ ম্যাচে অপরাজিত থাকার ৫৯ বছরের পুরোনো রেকর্ড। দারুণ এক দিনে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে টুর্নামেন্টের ফাইনালেও উঠল লেভারকুসেন।
ইউরোপা লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে লেভারকুসেনের প্রতিপক্ষ আতালান্তা। দুদলের শিরোপা জয়ের লড়াই মাঠে গড়াবে ২২ মে। সেমিফাইনালের ফিরতি লেগে অলিম্পিক মার্সেইকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লিখেছে ইতালির ক্লাবটি। জার্মানির দ্বিতীয় স্তরের ক্লাব কাইজারস্লাটার্নের বিপক্ষে জার্মান কাপের ফাইনাল খেলবে তারা ২৫ মে।