প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৪ ১৫:০৬ পিএম
আপডেট : ১০ মে ২০২৪ ১৬:৫৭ পিএম
টি-টোয়েন্টি চার-ছক্কার খেলা। এখানে লড়াই হয় স্ট্রাইক রেটে। রান তোলার ক্ষমতা যার যত, দলে তার চাহিদা তত। কিছুটা ব্যতিক্রম পাকিস্তান। কুড়ি কুড়ির ক্রিকেটে এখনও দলের বেশিরভাগ ব্যাটার রান তোলেন ধীরগতিতে। আর সেজন্যই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের ব্যাটিংয়ে আরও আক্রমণাত্মক হতে বলেছেন ইউনিস খান। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, টি-টোয়েন্টি ক্রিকেট এখন আর আগের মতো নেই।
করাচির এক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘এখনকার দিনে ১৭০ রান যথেষ্ট নয়। ২০০ রান করতে পারলে তবেই ম্যাচ বাঁচানো সম্ভব।'
ঘরের মাঠে শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে ড্র করে মান বাঁচায় পাকিস্তান। সফরকারী দলের ব্যাটাররা ব্যাট হাতে ঝড় তুললেও পুরোনো স্টাইলে খেলেছেন বাবর-রিজওয়ান। এ নিয়ে অনেক সমালোচনা হয়। বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, ‘বাবর, ফখর ও রিজওয়ানকে (ব্যাটিংয়ে) গিয়ার বদলাতে হবে। এখনকার দিনে রান তুলতে হয় আগের চেয়ে বেশি গতিতে। আক্রমণাত্মকভাবে খেলার দায়িত্বটা খেলোয়াড়দেরই নিতে হবে।’
রান তোলা ছাড়াও ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেন ইউনিস, ‘অধিনায়ককে গতানুগতিকের বাইরে ভাবতে হবে। সবাই অধিনায়ককে সহযোগিতা করবে। আর খেলোয়াড়দেরও নিজেদের পছন্দের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।'