× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোসেলুর স্বপ্নের রাতে ফাইনালে রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৪ ০৮:৩৩ এএম

আপডেট : ০৯ মে ২০২৪ ২২:৪৫ পিএম

রিয়ালের জয়ের নায়ক হোসেলুকে নিয়ে সতীর্থদের উল্লাস

রিয়ালের জয়ের নায়ক হোসেলুকে নিয়ে সতীর্থদের উল্লাস

সেমির নায়ক বনে যেতে পারতেন আলফনসো ডেভিস! আর ফাইনালে যেতে পারত বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ছিল তাদের সমূহ সম্ভাবনা। কিন্তু সেমিফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচ যখন সান্টিয়াগো বার্নাব্যুতে, তখন অবিশ্বাস্য কিছু ঘটবে, সেটাই তো স্বাভাবিক! তাই তো চ্যাম্পিয়নস লিগ বিশেষজ্ঞ রিয়াল মাদ্রিদ ও নিজেদের মাঠে দেখাল শেষের চমক।

বদলি হিসেবে নেমে রূপকথার নায়ক বনে যান হোসেলু। তিন মিনিটে উপহার দেন জোড়া গোল। তার সেই ঝলকেই শেষ চারের ফিরতি লেগ ২-১ ব্যবধানে জিতে ইউরোপ-সেরার আসরের ফাইনালের টিকিট কাটলেন কোচ আনচেলত্তির শিষ্যরা।

রিয়ালের আক্রমণ সামাল দিতেই বেগ পেতে হচ্ছিল অতিথি বায়ার্নকে। গোল পেতে পারতেন ভিনিসিয়ুস জুনিয়র। ছিলেন জুড বেলিংহামও। কিন্তু প্রায় পুরো ম্যাচে সবটা সামলে নিয়েছিল বায়ার্নের রক্ষণ। সফরকারীদের গোলবারের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে মানুয়াল নয়ার রুখে যাচ্ছিলেন রিয়ালের একের পর এক গোলপ্রচেষ্টা।

কিন্তু শেষ দিকে সেই জার্মানির পরীক্ষিত সেনানী নয়ার ভুল করে বসেন। তাতেই হোসেলু পেয়ে যান স্বপ্নের রাতের দেখা। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে ফাইনালে নাম লিখিয়েছে রিয়াল। ১ জুন লন্ডনের ওয়েম্বলির ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ সেমিতে চমক দেখানো বরুশিয়া ডর্টমুন্ড।

ম্যাচের ৬৮ মিনিটে আলফনসো ডেভিসের গোলে ভাঙে মাঠের নীরবতা। লিড নেয় বায়ার্ন। এ গোলেই জয়ের স্বপ্ন বুনতে থাকে জার্মান জায়ান্টরা। তবু হাল ছাড়েনি রিয়াল। ফেদে ভালভের্দের বদলি হিসেবে ৮১ মিনিটে মাঠে নেমেই ম্যাচের চিত্রনাট্য পাল্টে দেন হোসেলু।

৯০ মিনিট পূর্ণ হতে তখন দুই মিনিট বাকি। রিয়ালের মুখে হাসির ঝিলিক এনে দেন হোসেলু। ভিনিসিয়ুসের শট সরাসরি চলে যায় বায়ার্ন গোলকিপার নয়ারের হাতে। কিন্তু দুর্ভাগ্য তার হাত ফসকে বেরিয়ে যায় বল। এর আগে রিয়ালের ৪টি গোল প্রতিহত করা নয়ারের ভুলের সুযোগটা নেন হোসেলু। নির্ভুল নিশানায় খুব কাছ থেকে বল জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি ।

নাটকীয়তা তখনও বাকি। ইনজুরি টাইমের প্রথম মিনিটেই ফের হোসেলুর বাজিমাত। ৯১তম মিনিটে নাচোর কাছ থেকে বল পেয়ে আন্টনি রুডিগারের ঠেলে দিতে দেরি। হোসেলু বল পেয়ে প্রতিপক্ষের জাল কাঁপাতে আর দেরি করেননি। উৎসব শুরু হতেই লাইনসম্যানের অফসাইডের সংকেত। তবে ভিএআরে টিকে যায় তার গোল।

ভিডিও ফুটেজে দেখা যায় রুডিগার-হোসেলু দুজনই ছিলেন অনসাইডে। রিয়াল মাদ্রিদের খুশি তখন দেখে কে! গোলের আনন্দে মাঠে উল্লাসে ফেটে পড়ে স্বাগতিকরা। মহামূল্যবান ডাবল গোল উপহার দিয়ে সতীর্থদের উচ্ছ্বাসের বন্যায় যেন ভেসে যান ত্রাতা হোসেলু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা