প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৪ ২১:০২ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪ ২১:৩৪ পিএম
রোমান সানা। ছবি : সংগৃহীত
গেল মার্চে জাতীয় আর্চারি দল থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন রোমান সানা। আর্থিক সুবিধাসহ নানা কারণ দেখিয়েছিলেন তিনি। ফেডারেশনের বিপক্ষেও ছিল নানা অভিযোগ। দুই মাস পার হতেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দেশের আর্চারির এই পোস্টার বয়। ক্ষমা চেয়ে ফেডারেশনের কাছে চিঠিও দিয়েছেন তিনি।
২ মে পাঠানো চিঠিতে ফেডারেশন-সংক্রান্ত অযাচিত মন্তব্যে ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য দুঃখ প্রকাশ করেছেন রোমান। নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ফেডারেশনের কাছে ক্ষমাও চেয়েছেন দেশসেরা এই আর্চার। আবার দেশের হয়ে খেলার জন্য ফেডারেশনের কাছে অনুরোধও করেছেন তিনি।
এ প্রসঙ্গে ফেডারেশন থেকে জানা যায়, রোমান ক্ষমা চেয়ে ফেডারেশনের কাছে চিঠি দিয়েছে। চিঠি জমা হওয়ার পর অফিস ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলকে অবহিত করেছে। সভাপতির কাছে দেওয়া নতুন চিঠিতে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেছেন রোমান। তবে রোমানের চিঠি পাওয়ার পর এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি ফেডারেশন।