প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৪ ০২:২৬ এএম
আপডেট : ০৩ মে ২০২৪ ০৭:৫১ এএম
কোচ লুইস
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে ফাইনালে উঠার লড়াইয়ে পিছিয়ে গেছে পিএসজি। বুধবার রাতে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টার কোনো ত্রুটি রাখেনি পিএসজি। কিন্তু অতিথিদের ভাগ্যটা ঠিক সহায় ছিল না! নইলে কী আর গোলবঞ্চিত থাকে ফরাসি চ্যাম্পিয়নরা!
অথচ বল দখলে দাপট দেখিয়ে গেছে সফরকারীরাই। আক্রমণ-পাল্টা আক্রমণেও কাইলিয়ান এমবাপেরা ম্যাচজুড়ে তটস্থ রাখেন প্রতিপক্ষ শিবিরকে। কিন্তু মাঠের লড়াইয়ে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা মেলেনি। ম্যাচে দুই দলের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়িয়েছে এটাই।
তবে প্রথম লেগে হারলেও হাল ছাড়ছেন না পিএসজি কোচ লুইস এনরিকে। ফিরতি লেগে নিজেদের মাঠে হবে বলে আশায় বুক বাঁধছেন এ স্প্যানিশ কোচ, ‘সবশেষ দুই রাউন্ডে তারা (প্রতিপক্ষ) ঘরের মাঠে পেয়েছে দ্বিতীয় লেগের ম্যাচ। এবার উল্টো, আমরা খেলব ঘরের মাঠে। এটা ভিন্ন ও নতুন পরিস্থিতি। দ্বিতীয় লেগে ঘরের মাঠের দর্শকদের পাশে পাব আমরা। যে সুযোগগুলো আমরা তৈরি করেছি আজকে, তা কাজে লাগাতে পারলে ভালো লাগত। তবে সেজন্য আরও কার্যকর হতে হবে। দেখা যাক, প্যারিসে আমরা কোন রূপে নিজেদের মেলে ধরতে পারি।’
ম্যাচে গোলের অনেক সুযোগ পেয়েও হাতছাড়া করেছে পিএসজি। ফরাসি জায়ান্ট ক্লাবটির কোচের কণ্ঠে ঝরল তাই সুযোগ মিসের আক্ষেপের সুর, ‘কেউ বলেনি সেমিফাইনালে ম্যাচটি সহজ হতে যাচ্ছে। ড্রেসিংরুমে ছেলেরা একটু হতাশ। যেহেতু আমাদের সুযোগ ছিল, কিন্তু আমরা দুবারই পোস্টে মেরেছি। আপনাকে বলতেই হবে, এটা ব্যতিক্রমী একটি স্টেডিয়াম। কিন্তু আমি নিশ্চিত, আমরা প্যারিসে আরও শক্তিশালী থাকব, আমাদের হারানোর কিছু নেই।’
ডর্টমুন্ডের বিরুদ্ধে নিজেদের মাঠে ২-০ গোলে জয়ের স্মৃতি এখনও জ্বলজ্বলে। গত সেপ্টেম্বরে পিএসজি জয়টি পেয়েছিল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে। ফরাসি চ্যাম্পিয়নদের ক্যাপ্টেন মারকিনিওসও তাই দেখছেন দ্বিতীয় লেগে খেলায় ফেরার স্বপ্ন, ‘ফলের দিক থেকে যদি চিন্তা করি, এটি ঠিক, আমাদের অনেক সুযোগ ছিল; বিশেষ করে দ্বিতীয়ার্ধে, দারুণ সুযোগ ছিল, ফাইনালে যেতে হলে যে সুযোগগুলো মিস করা যাবে না। ঘরের মাঠে আমরা যেন এই সুযোগগুলো কাজে লাগাই, সেটা নিশ্চিত করতে হবে। আর এখানে খেলা সব সময়ই কঠিন। আমরা এখানে জয়ের জন্যই এসেছিলাম। সেটা করতে পারিনি, কিন্তু ব্যবধানটা মাত্র ১-০।’
তবে ম্যাচ শেষে ডর্টমুন্ড কোচ এডিন টারজিক বলেন, জয়টা ছিল তাদেরই প্রাপ্য, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল। দল ভালো পারফর্ম করেছে। আমরা বেশি গোল করতে পারতাম, তারাও পারত। তাই আমার মনে হয় ফলাফলটা ঠিক আছে।’