× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-ভারত নারী সিরিজ

দুই ম্যাচ আগেই সিরিজ হার জ্যোতিদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৪ ১৯:২৯ পিএম

আপডেট : ০২ মে ২০২৪ ১৯:৩৫ পিএম

দুই ম্যাচ আগেই সিরিজ হার জ্যোতিদের

সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। ওপেনার দিলারা আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে আশাও জাগিয়েছিল বেশ। তবে মিডল অর্ডার ব্যাটাররা সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় বড় সংগ্রহ হয়নি টাইগ্রেসদের। এরপর বোলিংয়েও ভারতের মেয়েদের কোনো পরীক্ষা নিতে পারেনি স্বাগতিকরা। ৭ উইকেটের বড় হারে দুই ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করল নিগার সুলতানা জ্যোতি ব্রিগেড। 

বৃহস্পতিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশের নন্দিনীরা। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতের মেয়েরা। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজের ৩-০ তে সিরিজ নিশ্চিত করল হারমানপ্রীত কৌরের দল।  

আগের দুই ম্যাচে শুরুতেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে আজকে নতুন বলে ভারতের দুই পেসার রেনুকা সিং ও পূজা ভস্ত্রকারকে সেট হতে দেননি দিলারা। ইনিংসের প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে সফরকারী বোলারদের দিশেহারা করে দেন তিনি।

যার সুবাদে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই ৪৪ রান তুলে বাংলাদেশ। তবে ইনিংসের ৭ম ওভারে সাজঘরে ফিরেন মুর্শিদা খাতুন। এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৯ রান। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি দিলারাও। তিনি ফিরেছেন ২৭ বলে ৩৯ রান করে। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারি। তিনি এক প্রান্ত আগলে রেখে খেললেও সময়মতো গিয়ার পরিবর্তন করতে পারেননি। ৩৬ বলে ২৮ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। তাছাড়া ২০ বলে ১৫ রান করেছেন মোস্তারি। তাতে একশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

ভারতের হয়ে বল হাতে রাঁধা যাদব ২২ রানে ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া রেণুকা সিং ঠাকুর, পূজা ভাস্ত্রকার ও  শ্রেয়াঙ্কা পাতিল পান ১টি উইকেট।

১১৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। দুই ওপেনার মিলে শুরুর পাওয়ার প্লেতেই যোগ করেন ৫৯ রান। এখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৬ বলে ফিফটি করেন শেফালি ভার্মা। ৫১ রান করে শেফালি সাজঘরে ফিরলে ভাঙে ৯১ রানের উদ্বোধনী জুটি।

এরপর সফরকারীদের কিছুটা চেপে ধরে বাংলাদেশ। স্মৃতি মান্দানা, হেমলতাকে দ্রুত সময়ের মধ্যে ফেরায় তারা। কিন্তু ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট হয়নি। ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১১৭/৮ (দিলারা আক্তার ৩৮, নিগার সুলতানা জ্যোতি ২৮, সোবহানা মোস্তারি ১৫; রাধা যাদব ২/২২, রেণুকা সিং ঠাকুর ১/২৫)

ভারত : ১৮.৩ ওভারে ১২১/৩ (স্মৃতি মন্ধনা ৪৭, শেফালি ভার্মা ৫১, ডি হেমলতা ৯; রিতু মনি ১/১০, রাবেয়া খান ১/২৪)।

ফল : ভারতের মেয়েরা ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : শেফালি ভার্মা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা