ময়মনসিংহ (শহর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ২০:১৯ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১৬:৫১ পিএম
ময়মনসিংহে শুরু হয়েছে আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৩-২৪ আসর। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে ১১টি দল। লিগে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগের উদ্বোধনী ম্যাচে কালিঝুলি স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে হারিয়েছে থানাঘাট স্পোর্টিং ক্লাবকে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে নগরীর সার্কিট হাউস মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. শাহ আবিদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ ক্রিকেট পরিষদের চেয়ারম্যান ও পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঞা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন।