× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ের নায়ক গুলেরের ফুটবল মেধায় মুগ্ধ আনচেলত্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ২২:২৭ পিএম

আর্দা গুলের

আর্দা গুলের

রিয়ালের জার্সিতে খেলার তেমন সুযোগ মিলছিল না। এ নিয়ে আক্ষেপ ছিল আর্দা গুলেরের। তাই তো খেলার সুযোগ পেতে অন্য ক্লাবে যেতে চেয়েছিলেন তুরস্কের মেসিখ্যাত এ তরুণ ফুটবলার। শোনা যাচ্ছিল সান্টিয়াগো বার্নাব্যু শিবিরও তাকে ছাড়তে রাজি।

তবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়ে সব হিসাবনিকাশ পাল্টে দেন। আলো ছড়িয়ে ক্লাবে নিজের জায়গাটা আরও শক্ত করলেন গুলের। ১৯ বছরের এ প্রতিভাবান ফুটবলারের পারফরম্যান্সে দারুণ মুগ্ধ কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে ভবিষ্যতে গুলেরকে আরও সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রিয়াল কোচ, ‘ভবিষ্যতে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠবে আর্দা (গুলের)। কোনো সংশয়ই নেই যে পরের মৌসুমেই সে এখানেই থাকছে।'

গুলেরের অসাধারণ ফুটবল মেধার জয়গান গেয়েছেন আনচেলত্তি, 'তার মান অসাধারণ। খুবই প্রতিভাবান, সহজাত ক্ষমতা তার আছে। কঠোর পরিশ্রমও করে চলেছে। ট্রেনিং খুব ভালোভাবে করছে। তবে মনে রাখতে হবে, সে এখনও তরুণ। আস্তে আস্তে সে স্কোয়াডে আরও বেশি সম্পৃক্ত হবে। প্রতি মিনিটে গোল করার হিসাবে সে সবচেয়ে এগিয়ে, এতটাই সহজাত প্রতিভা তার।’

প্রিয় দল রিয়ালকে জেতাতে পেরেছেন। নিজের এ সাফল্যে যারপরনাই খুশি গুলের, ‘সতীর্থদের অভিনন্দন জানাতে চাই (জয়ের জন্য) এবং কার্লো আনচেলত্তিকে ধন্যবাদ দিতে চাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি খুবই খুশি যে, গোল করেছি এবং দল জিতেছে। রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। তাদের হয়ে গোল করতে পারার অনুভূতি সবচেয়ে সেরা।'

গুলের জানিয়ে দিলেন, সান্টিয়াগো বার্নাব্যুতে তার দিনকাল বেশ সুখেই কাটছে, 'অবশ্যই এই ক্লাবে থাকতে পেরে আমি খুশি। শুধু শারীরিকভাবেই নয়, মানসিক উন্নতি নিয়েও কাজ করে চলেছি আমি। ধৈর্য ধরে অপেক্ষা করছি, মানসিকতার উন্নতি হচ্ছে।’

জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাতে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে পরাজিত করে কার্লো আনচেলত্তির দল। স্প্যানিশ লা লিগায় এ জয়ে শিরোপা থেকে মাত্র ৪ পয়েন্ট দূরে রিয়াল। খেলার ২৯ মিনিটে তুর্কি মেসি হিসেবে পরিচিত আর্দা গুলেরের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

ম্যাচে ৬ গজ বক্সের বাইরে থেকে দানি কারভাহালের পাস পেয়ে বাঁ পায়ের শটে জালে জড়ান গুলের। এ নিয়ে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের হয়ে লিগে শুরুর একাদশে নেমে গোল করলেন তরুণ ফুটবলার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা